নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের থানা মোড় এলাকায় ভয়াবহ বাস দুর্ঘটনার ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেল ৫টার দিকে রাজশাহী থেকে ঢাকাগামী দেশ ট্রাভেলসের একটি এসি বাসের সঙ্গে বিপরীতমুখী রাজশাহীগামী তাবাসসুম পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মিঠুন (২৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। মিঠুন নাটোর সদর উপজেলার হয়বতপুর সৈয়দ মোড় এলাকার বাসিন্দা ছিলেন।
দুর্ঘটনার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করেন। বনপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাহিদ হাসান জানান, খবর পাওয়ার পর তাঁরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছেন। দুর্ঘটনায় বাস দুটির সামনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, উদ্ধার কার্যক্রম শেষে সেখান থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
উল্লেখ্য, এর আগে গত মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে বড়াইগ্রামের বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১২ জন নিহত হয়েছিলেন। মাত্র তিন দিনের ব্যবধানে একই উপজেলায় আবারও বড় ধরনের সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় স্থানীয় মহাসড়কে নিরাপত্তা নিয়ে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে।
আপনার মতামত লিখুন :