২০০৬ সালের ২৮ অক্টোবর সংঘটিত ঐতিহাসিক পল্টন ট্র্যাজেডির দুই দশক পূর্ণ হতে চলেছে। এই নারকীয় হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের অবিলম্বে বিচারের আওতায় আনার দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিভিন্ন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে। সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ২৭ অক্টোবর সকাল ১০টায় রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এর পরের দিন, অর্থাৎ ২৮ অক্টোবর জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ শাখা যৌথভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে। এছাড়া সারা দেশে সংগঠনটির জেলা ও মহানগরী শাখাগুলো পৃথকভাবে বিক্ষোভ মিছিল, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করবে।
বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়, ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টন ও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে লগি-বৈঠার তাণ্ডব চালিয়ে এবং নৃশংসভাবে মানুষ পিটিয়ে হত্যার মাধ্যমে দীর্ঘ দুই দশকের ফ্যাসিবাদ কায়েম করেছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার। দলটির বিরুদ্ধে অভিযোগ তুলে বলা হয়, পল্টন ট্র্যাজেডি সংগঠনের মাধ্যমে তারা দেশের গণতন্ত্র হত্যা এবং দীর্ঘ দুই দশক ধরে নাগরিক অধিকার হরণ করে রেখেছিল।
আপনার মতামত লিখুন :