
আগামী ৭২ ঘণ্টার মধ্যে দেশের উত্তরাঞ্চলের পাঁচ জেলায় স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা প্রকাশ করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। ভারী বৃষ্টিপাতের কারণে বেশ কয়েকটি নদ-নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে বলে সংস্থাটি তাদের সর্বশেষ পূর্বাভাসে উল্লেখ করেছে।
রোববার (২ আগস্ট) প্রকাশিত বন্যা পরিস্থিতি ও পূর্বাভাস অনুযায়ী, আগামী তিন দিনে তিস্তা ও দুধকুমার নদীর কয়েকটি পয়েন্টে পানি বিপৎসীমার ওপরে ওঠার সম্ভাবনা রয়েছে। এর ফলে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধার বিভিন্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে। এছাড়া ধরলা নদীর পানিও কয়েকটি স্থানে সতর্কসীমা স্পর্শ করতে পারে, যা লালমনিরহাট ও কুড়িগ্রামের নদীসংলগ্ন নিম্নাঞ্চলকে সাময়িকভাবে প্লাবিত করার ঝুঁকি তৈরি করছে।
একই সময়ে সুরমা-কুশিয়ারা অববাহিকার সিলেট ও সুনামগঞ্জ এবং সোমেশ্বরী-ভুগাই-কংস অববাহিকার শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনার কিছু নিম্নাঞ্চলেও সাময়িক প্লাবনের আশঙ্কা করা হচ্ছে। বর্তমানে কেবল কুশিয়ারা নদীর সিলেটের ফেঞ্চুগঞ্জ পয়েন্টে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
আবহাওয়া সংস্থাগুলোর তথ্যমতে, আগামী দুই দিন সিলেট ও রংপুর বিভাগসহ উজানের এলাকায় মাঝারি থেকে ভারী, কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তৃতীয় দিনেও এই ধারা অব্যাহত থাকতে পারে। এর প্রভাবে উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পেতে পারে। গত ২৪ ঘণ্টায় সুরমা ও কুশিয়ারা নদীর পানি বেড়েছে এবং আগামী তিন দিন এই প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে কেন্দ্রটি। তবে কুশিয়ারা নদীসংলগ্ন সিলেটের বিদ্যমান বন্যা পরিস্থিতি মোটামুটি স্থিতিশীল থাকার সম্ভাবনা রয়েছে।
আপনার মতামত লিখুন :