Facebook Twitter Instagram YouTube

চার মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ


প্রকাশের সময় : সেপ্টেম্বর ২, ২০২৬, ৬:০১ অপরাহ্ণ /
চার মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ

সরকার চারটি মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব পদায়ন করেছে। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত ৪টি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। পদোন্নতিপ্রাপ্ত তিন অতিরিক্ত সচিবের মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ইয়াসমিন বেগমকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে পদায়ন করা হয়েছে। শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ কে এম বেঞ্জামিন রিয়াজীকে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত অতিরিক্ত সচিব ড. এ এন এম বজলুর রশীদকে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তিভিত্তিক সিনিয়র সচিব মো. এহছানুল হককে পরিকল্পনা কমিশনের সদস্য (সিনিয়র সচিব) পদে বদলি করা হয়েছে। তার স্থলে স্বাস্থ্য সেবা বিভাগের চুক্তিভিত্তিক সচিব মো. কামরুজ্জামান চৌধুরীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব (চুক্তিভিত্তিক) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলাকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত রাখা হয়েছে।

পৃথক একটি প্রজ্ঞাপনে পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের সদস্য (সচিব) নাসরীন জাহানকে অবসরে পাঠানো হয়েছে। সরকারি চাকরির মেয়াদ পূর্ণ হওয়ায় তিনি আগামী ৫ সেপ্টেম্বর থেকে অবসর গ্রহণ করবেন এবং তাকে পরবর্তী এক বছরের জন্য অবসর-উত্তর ছুটি (পিআরএল) মঞ্জুর করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এসব আদেশ অবিলম্বে কার্যকর হবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy