
বরিশালের বানারীপাড়ার একটি বহুল আলোচিত ধর্ষণ মামলার যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি আ. মান্নান জুয়েল (৩৫) অবশেষে আইনের আওতায় এসেছেন। দীর্ঘ ১৪ বছর আত্মগোপনে থাকার পর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) একটি যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব জানিয়েছে, ২০১২ সালে বানারীপাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মান্নান জুয়েলের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছিল। বিচারিক প্রক্রিয়ার শেষে আদালত অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ৩০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন। তবে রায়ের পর থেকেই জুয়েল আত্মগোপনে চলে যান এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। তাকে ধরতে বানারীপাড়া থানা পুলিশ র্যাব-৮ এর কাছে অধিযাচনপত্র পাঠিয়েছিল।
এর পরিপ্রেক্ষিতে র্যাব-৮ (বরিশাল) এবং র্যাব-৭ (চট্টগ্রাম) এর যৌথ দল আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে গোয়েন্দা নজরদারি শুরু করে। একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় ছদ্মবেশে অবস্থানরত মান্নান জুয়েলকে শনাক্ত করে যৌথ টিম। গ্রেপ্তারকৃত মান্নান জুয়েল বানারীপাড়া উপজেলার ইলুহার গ্রামের আ. হক মিয়ার ছেলে।
র্যাব-৮ এর মিডিয়া অফিসার লে. কমান্ডার বিএন মো. শাহরিয়ার রিফাত অভি জানান, জঘন্য অপরাধের সাজাপ্রাপ্ত আসামিদের আইনের আওতায় আনতে র্যাব সবসময় তৎপর। গ্রেপ্তার হওয়ার পর তাকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানায় হস্তান্তর করা হয়েছে। বানারীপাড়া থানায় পৌঁছানোর পর তাকে আদালতে সোপর্দ করা হবে।
আপনার মতামত লিখুন :