Facebook Twitter Instagram YouTube

নতুন বেতন স্কেলের গেজেট প্রকাশের সময় জানালেন মন্ত্রিপরিষদ সচিব


প্রকাশের সময় : সেপ্টেম্বর ২, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ /
নতুন বেতন স্কেলের গেজেট প্রকাশের সময় জানালেন মন্ত্রিপরিষদ সচিব

নতুন জাতীয় বেতন স্কেল ২০২৬-এর গেজেট প্রকাশের বিষয়ে তথ্য দিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। তিনি জানিয়েছেন, অর্থ বিভাগ খুব দ্রুতই এ সংক্রান্ত আদেশ জারি করবে। আজ অথবা আগামীকালের মধ্যেই এই আদেশ জারি করা হতে পারে বলে তিনি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই নতুন বেতনস্কেল চূড়ান্ত অনুমোদন পায়। একই সাথে সশস্ত্র বাহিনীর জন্য নতুন বেতন স্কেলের সাথে সামঞ্জস্য রেখে যৌথবাহিনী নির্দেশাবলী ২০২৬-ও অনুমোদন করা হয়েছে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, নতুন এই বেতন কাঠামো ও সংশ্লিষ্ট নির্দেশাবলী ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর হিসেবে গণ্য হবে। অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

সরকার এই নতুন বেতন স্কেল অনুমোদনের আগে দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি, মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয় এবং সরকারি কর্মচারীদের জীবনমানের বিষয়টি গুরুত্বের সাথে পর্যালোচনা করেছে। একটি ভারসাম্যপূর্ণ ও যৌক্তিক বেতন কাঠামো নিশ্চিত করাই ছিল সরকারের মূল লক্ষ্য।

অনুমোদিত নতুন বেতন স্কেলে সরকারি কর্মচারীদের বিদ্যমান ২০টি গ্রেডই বহাল রাখা হয়েছে। তবে প্রতিটি গ্রেডের মূল বেতন পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন কাঠামো অনুযায়ী, ২০তম গ্রেডের সর্বনিম্ন প্রারম্ভিক মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা এবং ১ম গ্রেডের সর্বোচ্চ বেতন করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার টাকা। এছাড়া বেতন বৈষম্য কমাতে সর্বনিম্ন ও সর্বোচ্চ গ্রেডের বেতনের অনুপাত ১:১.৯৪৫ থেকে কমিয়ে ১:১.৭৮ করা হয়েছে। এই পরিবর্তনের ফলে সর্বনিম্ন গ্রেডের মূল বেতন ১৪২ শতাংশ এবং সর্বোচ্চ গ্রেডের বেতন ১০০ শতাংশ বৃদ্ধি পাবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor