Facebook Twitter Instagram YouTube

তেঁতুলিয়ায় অপপ্রচার ও মানহানির প্রতিবাদে বিএনপি নেত্রীর সংবাদ সম্মেলন


প্রকাশের সময় : সেপ্টেম্বর ২, ২০২৬, ৫:৩০ অপরাহ্ণ /
তেঁতুলিয়ায় অপপ্রচার ও মানহানির প্রতিবাদে বিএনপি নেত্রীর সংবাদ সম্মেলন

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় শিশু ধর্ষণের চেষ্টার একটি ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের নাম জড়িয়ে চালানো অপপ্রচার ও মানহানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেত্রী সুলতানা রাজিয়া। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে তেঁতুলিয়া প্রেসক্লাবে আয়োজিত এই সংবাদ সম্মেলনে তিনি তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন।

সুলতানা রাজিয়া জানান, তেঁতুলিয়ার টায়াগছ এলাকায় শিশু ধর্ষণের চেষ্টার ঘটনাটি ঘটেছিল। ওই সময় তিনি তার ছেলের অসুস্থতার কারণে ঢাকায় অবস্থান করছিলেন। ঘটনার পর ভুক্তভোগী শিশুটির বাবা তাকে মুঠোফোনে বিষয়টি জানালে তিনি শিশুটিকে দ্রুত হাসপাতালে ভর্তি করা এবং থানায় গিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেন। তিনি আরও জানান, শিশুটির বাবা থানায় একটি আবেদন দিয়ে চলে আসেন এবং পরবর্তীতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মাধ্যমে তিনি জানতে পারেন যে, উভয় পক্ষের সমঝোতার ভিত্তিতে একটি আপসনামা থানায় জমা দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে সুলতানা রাজিয়া অভিযোগ করেন, গত ২৯ আগস্ট এই ঘটনাকে কেন্দ্র করে আয়োজিত একটি মানববন্ধনে একটি মহল তার নাম জড়িয়ে গুজব ও ভিত্তিহীন অপপ্রচার চালিয়েছে। তিনি বলেন, এ ধরনের বানোয়াট অপপ্রচারের মাধ্যমে তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা হয়েছে। তিনি এই অপপ্রচারের তীব্র নিন্দা জানান এবং এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক খন্দকার আবু সালেহ ইব্রাহিম ইমরান, ইউনিয়ন বিএনপি নেতা মতিকুল ইসলাম, সুলতানা রাজিয়ার দেবর আবু তাহের এবং তার ভাতিজা বিএনপি নেতা সাইদুর রহমান সরকার।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh