Facebook Twitter Instagram YouTube

সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের সংঘর্ষ, আহত ৩


প্রকাশের সময় : সেপ্টেম্বর ২, ২০২৬, ৩:০০ অপরাহ্ণ /
সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের সংঘর্ষ, আহত ৩

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে বিএনপিপন্থী আইনজীবীদের দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যার পর সংঘটিত এই ঘটনায় অন্তত তিনজন আইনজীবী আহত হয়েছেন। আহতদের মধ্যে রয়েছেন ইব্রাহিম খলিল, জাফর আহমেদ ও আনিসুজ্জামান রায়হান। তাদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, সন্ধ্যা ৬টার দিকে সমিতির শহীদ সফিউর রহমান মিলনায়তনের সামনে এক ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও আইনজীবী জাফর আহমেদের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে হাতাহাতি শুরু হয়। প্রায় ১৫ মিনিট পর সমিতির ব্যাডমিন্টন খেলার মাঠের পাশে ইব্রাহিম খলিলকে কয়েকজন আইনজীবী মারধর করেন। এরপর বিএনপিপন্থী আইনজীবীদের দুই পক্ষকেই মারামারিতে জড়াতে দেখা যায়। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজলের আইনজীবী সমিতির চেম্বারেও কয়েকজন আইনজীবী হামলা চালান।

পরে কয়েকজন জ্যেষ্ঠ আইনজীবী হস্তক্ষেপ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘটনার পরপরই সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে পুলিশ ও সাদা পোশাকে গোয়েন্দা সদস্যদের অবস্থান করতে দেখা যায়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়েছে কি না তা নিশ্চিত হওয়া যায়নি।

আইন কর্মকর্তা নিয়োগ নিয়ে দীর্ঘদিন ধরে চলা বিরোধ থেকেই এই উত্তেজনার সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। গত ৩০ জুলাই সরকার আগের সব আইন কর্মকর্তার নিয়োগ বাতিল করে নতুন করে ২৬৫ জন আইন কর্মকর্তা নিয়োগ দেয়। এরপর নিয়োগবঞ্চিত ও নিয়োগপ্রত্যাশী আইনজীবীদের একটি অংশ প্রতিবাদ শুরু করেন। এর আগে মঙ্গলবার দুপুরেও বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে দুই পক্ষের আইনজীবীদের মধ্যে মুখোমুখি অবস্থান ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছিল।

এই সংঘর্ষের ঘটনায় সুপ্রিম কোর্টের আইনজীবীদের মধ্যে অস্বস্তি তৈরি হয়েছে। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল এই ঘটনাকে দুঃখজনক বলে অভিহিত করেছেন। এছাড়া তিনি অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কর্মরত আইন কর্মকর্তাদের দলীয় কর্মসূচিতে অংশ নেওয়ার বিষয়েও প্রশ্ন তুলেছেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din