
পাঁচটি সংকটাপন্ন ব্যাংক একীভূত হয়ে গঠিত হওয়া 'সম্মিলিত ইসলামী ব্যাংক' থেকে গ্রাহকদের আমানত ফেরতের আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। কার্যক্রমের প্রথম দিনেই ১৮ হাজার গ্রাহক তাদের পাওনা টাকা ফেরত পাওয়ার জন্য আবেদন করেছেন। ব্যাংক সূত্র জানিয়েছে, আবেদনকারীরা মোট ১ হাজার ৩০০ কোটি টাকা ফেরত চেয়েছেন।
একীভূত হওয়া ব্যাংকগুলোর শাখা ও উপশাখাগুলোতে গ্রাহকদের ভিড় লক্ষ্য করা গেছে। ব্যাংক কর্মকর্তারা গ্রাহকদের স্বাগত জানিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করছেন। নির্ধারিত নিয়ম অনুযায়ী, সংশ্লিষ্ট শাখা বা উপশাখায় গিয়েই গ্রাহকদের আবেদন জমা দিতে হচ্ছে। জমা দেওয়া আবেদনগুলো যাচাই-বাছাই সাপেক্ষে আগামী ৭ সেপ্টেম্বর থেকে গ্রাহকদের পাওনা অর্থ পরিশোধ কার্যক্রম শুরুর পরিকল্পনা রয়েছে।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ব্যক্তি আমানতকারীরা তাদের চলতি ও সঞ্চয়ী হিসাবের টাকা এবং মেয়াদি আমানতের মূল টাকা উত্তোলনের সুযোগ পাবেন। তবে এই প্রক্রিয়ায় আমানতের বিপরীতে অর্জিত কোনো মুনাফা পাওয়া যাবে না। কোনো গ্রাহক যদি তার মূল টাকা তুলে নেন, তবে সেটিকে ওই আমানতের চূড়ান্ত নিষ্পত্তি হিসেবে গণ্য করা হবে। এছাড়া, গ্রাহকের যদি সংশ্লিষ্ট ব্যাংকের কাছে কোনো ঋণ বা দায়বদ্ধতা থাকে, তবে টাকা পরিশোধের আগে তা আমানতের অর্থ থেকে সমন্বয় করে নেওয়া হবে।
ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, যেসব গ্রাহক এখনই তাদের আমানত তুলবেন না এবং হিসাব চালু রাখবেন, তারা চুক্তির শর্ত অনুযায়ী মুনাফা পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন। তবে মেয়াদি আমানতের ক্ষেত্রে মেয়াদপূর্তির আগে টাকা তুললে মুনাফা পাওয়ার সুযোগ থাকবে না। আংশিক টাকা তুললে অবশিষ্ট আমানতের ওপর প্রচলিত নিয়ম অনুযায়ী মুনাফা পাওয়ার সুযোগ থাকবে।
উল্লেখ্য, এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক—এই পাঁচটি ব্যাংক একীভূত হওয়ার মাধ্যমেই সম্মিলিত ইসলামী ব্যাংক গঠিত হয়েছে।
আপনার মতামত লিখুন :