Facebook Twitter Instagram YouTube

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ নিয়ে অনাগ্রহ ফ্রান্স ও ইংল্যান্ডের


প্রকাশের সময় : জুলাই ১৮, ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ণ /
তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ নিয়ে অনাগ্রহ ফ্রান্স ও ইংল্যান্ডের

বিশ্বকাপের সেমিফাইনালে স্পেনের কাছে ২-০ গোলে হেরে টানা তৃতীয়বারের মতো ফাইনালে ওঠার স্বপ্নভঙ্গ হয়েছে ফ্রান্সের। সেই ক্ষত নিয়েই আজ শনিবার (১৮ জুলাই) মায়ামিতে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মাঠে নামছে ফরাসিরা। ম্যাচটি নিয়ে ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম এবং খেলোয়াড়রা কেউই খুব একটা আগ্রহী নন।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে দেশম বলেন, এই ম্যাচটি নিয়ে আমার একটি বড় দায়িত্ব রয়েছে। এটি কোনো প্রীতি ম্যাচ নয়, এটি বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। আমি, খেলোয়াড়রা এবং পুরো স্টাফরা মিলে এই শেষ লক্ষ্যটিতে পৌঁছাতে বাধ্য। অবশ্যই এটি ফাইনালের মতো গুরুত্বপূর্ণ নয়। ইংল্যান্ডও এই ম্যাচটি খেলতে চায় না, আর আমরাও চাই না। কিন্তু বাস্তবতা হলো আমাদের এখন এখানেই লড়তে হবে।

দেশম আরও নিশ্চিত করেছেন যে, এই ম্যাচটি ফ্রান্সের ডাগআউটে তার শেষ দায়িত্ব হতে যাচ্ছে। তিনি বলেন, আমাদের লক্ষ্য স্থির রাখতে হবে যেন আমরা তৃতীয় হতে পারি এবং এই শেষ লক্ষ্যটিকে বাস্তবে রূপ দিতে পারি। এই জার্সিটি পরলে আমাদের এই দায়িত্বটুকু পালন করতেই হবে। আমার মাথায় এটি স্পষ্ট যে, এটাই কোচ হিসেবে আমার শেষ ম্যাচ। আমি চাই না কেউ কাঁদুক। শেষটা খুব কাছে, তবে জীবন তো আর থেমে থাকে না।

এদিকে ফরাসি ডিফেন্ডার ইব্রাহিমা কোনাতে দলের খেলোয়াড়দের মানসিক অবস্থার কথা অকপটে স্বীকার করেছেন। তিনি জানান, তাদের মধ্যে কেউই এই তৃতীয় স্থানের লড়াইয়ে নামতে চাননি, কিন্তু বিদায়ী কোচ দেশমকে জয় দিয়ে বিদায় জানানোর তাড়না তাদের মধ্যে কাজ করছে। কোনাতে বলেন, আমাদের আর কোনো উপায় নেই। আমরা আমাদের কোচকে প্রতিদান দিতে চাই। ফ্রান্স দলের জন্য তিনি অনেক কিছু করেছেন। সেজন্য আমাদের তার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত এবং এই ম্যাচটি জেতার জন্য আমাদের যথাসাধ্য সবকিছু করতে হবে, যেন অন্তত এই ব্রোঞ্জ পদকটি আমরা নিজেদের করে নিতে পারি।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor