
গঙ্গা পানি চুক্তির বিষয়ে ঢাকা ও দিল্লি যৌথভাবে কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইএসএস)-এ ‘পানির ভবিষ্যৎ’ শীর্ষক এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, গঙ্গা পানি চুক্তি নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে এবং তা অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, আমাদের অবস্থান থেকে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি করতে হবে। দুই দেশের নেতৃত্ব পর্যায়ে, সিনিয়র অফিসিয়াল লেভেলে এবং ওয়াটার নেগোশিয়েটরদের মধ্যে আন্তরিকতা থাকলে এর একটি সৌহার্দ্যপূর্ণ ও ইতিবাচক সমাধান পাওয়া সম্ভব। এই বিষয়টি নিয়ে ইতিমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
হুমায়ুন কবির জানান, ভারত সরকারের পক্ষ থেকেও বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তিনি বলেন, কূটনীতি, ডায়ালগ এবং আলোচনার মাধ্যমেই কেবল এই সমস্যার সমাধান সম্ভব। এছাড়া আন্তর্জাতিক আইনের অবস্থানগুলোকেও বিবেচনায় রাখা হচ্ছে। গঙ্গা চুক্তির বিষয়ে বারবার করা প্রশ্নের জবাবে তিনি জানান, সরকার এখন এই অবস্থানেই কাজ করে যাচ্ছে।
আপনার মতামত লিখুন :