
গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশেষ সতর্ক অবস্থানে রয়েছে সরকার। সাম্প্রতিক সময়ে বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ড ও সহিংসতার আশঙ্কায় গোপালগঞ্জসহ বৃহত্তর ফরিদপুর অঞ্চলের পুলিশ ও প্রশাসনের ৩০ জন কর্মকর্তাকে গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সরকারের এই কঠোর অবস্থান বজায় থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এই নজরদারির অংশ হিসেবে গোপালগঞ্জের সহিংসতায় সম্পৃক্ততার সুনির্দিষ্ট অভিযোগে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) এক কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। ডিবি পুলিশের একটি দল গত মঙ্গলবার রাত ৮টার দিকে ময়মনসিংহের এসআরবি-১৪ কার্যালয় থেকে তাকে আটক করে। ৩৪তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা আবুল হাসানের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর এলাকায়। তিনি ৫ই আগস্টের আগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় গোপালগঞ্জে বিভিন্ন সরকারি বরাদ্দের অর্থ ছাড় আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতায় জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদে যে অর্থসহায়তা দেয়া হয়, তার তৃতীয় কিস্তির টাকা গোপালগঞ্জের জন্য ছাড় করা হচ্ছে না। মূলত জানুয়ারি থেকে মার্চ মেয়াদের এই কিস্তির অর্থ স্থগিত থাকবে।
এছাড়া গত ১৫ই নভেম্বর আওয়ামী লীগের নেতাকর্মীদের বিক্ষোভ ও সহিংসতার ঘটনার পর থেকে গোপালগঞ্জের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ট্রেন চলাচল পুনরায় চালুর বিষয়ে স্থানীয় বাসিন্দাদের কেউ কেউ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করছেন। ২৩শে নভেম্বর আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর বিক্ষোভ মিছিলের পর নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় নিয়ে এখনই এই সেবা চালুর কোনো পরিকল্পনা সরকারের নেই। একই কারণে পুড়ে যাওয়া টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানার কার্যক্রমও পুনরায় চালু করা সম্ভব হচ্ছে না। বর্তমানে এই দুই থানার কার্যক্রম গোপালগঞ্জ সদর থানা থেকে পরিচালনা করা হচ্ছে। মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির জানিয়েছেন, পুড়ে যাওয়া থানাগুলোর সংস্কারকাজ এখনো শুরু হয়নি।
অন্যদিকে, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপি’র ছয় নেতা দলের বর্তমান কার্যক্রম ও সাংগঠনিক কর্মকাণ্ডে অসন্তোষ প্রকাশ করে পদত্যাগ করেছেন। বুধবার সকাল ১০টায় উপজেলার পাটগাতী ইউনিয়নের গিমাডাঙ্গা নতুন বাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা আনুষ্ঠানিকভাবে তাদের পদত্যাগপত্র ঘোষণা করেন। পদত্যাগকারী নেতারা হলেন শাহানুর শেখ, মিজানুর রহমান, সজীব ফকির, বাচ্চু শেখ, মো. আফজাল শেখ এবং মোহাম্মদ জামাল মোল্লা। তারা জানিয়েছেন, এই সিদ্ধান্ত সম্পূর্ণ তাদের ব্যক্তিগত এবং ভবিষ্যতে দলের কোনো কর্মকাণ্ডের সঙ্গে তারা যুক্ত থাকবেন না।
আপনার মতামত লিখুন :