
যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের উপকূলে মেক্সিকো উপসাগরে একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ঘটনায় দুই শিশুসহ মোট ছয়জন আরোহী নিহত হয়েছেন। মার্কিন কোস্টগার্ডের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
কোস্টগার্ড জানিয়েছে, দুর্ঘটনার খবর পাওয়ার পর উদ্ধারকারী দলের ডুবুরিরা ঘটনাস্থলে তল্লাশি চালান। উদ্ধার অভিযানের সময় উড়োজাহাজটির মূল কাঠামোর ভেতর থেকে ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে চারজন প্রাপ্তবয়স্ক এবং ৮ ও ১০ বছর বয়সী দুই শিশু রয়েছে।
কর্মকর্তাদের তথ্যমতে, সেসনা-২১০ মডেলের ছোট এই উড়োজাহাজটি মিসিসিপির প্যাসকাগুলা শহর ও হর্ন আইল্যান্ডের মধ্যবর্তী মেক্সিকো উপসাগরে বিধ্বস্ত হয়। উল্লেখ্য, হর্ন আইল্যান্ড এলাকাটি গালফ আইল্যান্ডস ন্যাশনাল সিশোরের একটি অংশ।
কোস্টগার্ডের মুখপাত্র হুয়ান রস জানিয়েছেন, স্থানীয় সময় মঙ্গলবার বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে আলাবামার মোবাইল শহরের আঞ্চলিক এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ার উড়োজাহাজটির সঙ্গে যোগাযোগ হারানোর বিষয়টি জানায়। বর্তমানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ঘটনার কারণ ও আনুষঙ্গিক বিষয়গুলো নিয়ে তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে।
আপনার মতামত লিখুন :