
গাজীপুরের বেশ কয়েকটি এলাকায় আজ শনিবার (২৫ জুলাই) টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। জরুরি রক্ষণাবেক্ষণ কাজের অংশ হিসেবে এই বিদ্যুৎ বিভ্রাটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার রাতে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর কাশিমপুর জোনাল অফিস থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছে, গাজীপুরের নরসিংহপুর রোডের সুরাবাড়ী উপকেন্দ্র থেকে দত্ত মার্কেট, ছায়াতল মার্কেট, সুরাবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদ ও রাইচমিল হয়ে মিছারবাগ বটতলা পর্যন্ত ১১কেভি ফিডারটি অনেক বড় এবং এতে লোডের চাপ বেশি। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে এবং লোডশেডিং কমাতে ফিডারটি ছোট করে আরও দু’টি নতুন ফিডার নির্মাণের কাজ করা হবে। এই রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মোট ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিদ্যুৎহীন থাকা এলাকাগুলোর মধ্যে রয়েছে কাশিমপুর, সুরাবাড়ি, বাগবাড়ী, শরপাইতলী, ছায়াতল মার্কেট, দত্ত মার্কেট, রাইচমিলের আশপাশের এলাকা, মিছারবাগ বটতলার আশপাশের এলাকা, মাদরাসা বাজারের আশপাশের এলাকা, শাকিল সিনথিয়া রোড, মনটেক্স এর আশপাশের এলাকা, লালদিঘি, কবরস্থান এলাকা, বারেন্ডা (আংশিক), রফিকুল ইসলাম স্কুল এর আশপাশের এলাকা, খানকা শরিফের আশপাশের এলাকা, রওশন মার্কেট এলাকা, হাকের নাল ও নয়াপাড়ার আংশিক এলাকা।
সাময়িক এই সমস্যার জন্য কাশিমপুর জোনাল অফিস গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে।
আপনার মতামত লিখুন :