
বিএনপি সরকারের নির্বাচনি ইশতেহারের ৩১ দফা এবং জুলাই সনদ পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী। শনিবার (১৮ জুলাই) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। সরকারের দায়িত্ব গ্রহণের পাঁচ মাস পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর প্রেস উইং এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।
প্রেস সচিব সালেহ শিবলী বলেন, বিগত সরকারের আমলে উন্নয়নের অনেক গালগল্প প্রচার করা হলেও বাস্তবে বিভিন্ন খাতে অবনতি হয়েছে। বিশেষ করে ধর্মীয়, সামাজিক ও পারিবারিক মূল্যবোধের অবক্ষয় সবচেয়ে বেশি হয়েছে বলে তিনি মন্তব্য করেন। তার মতে, মানসিক ও পারিবারিক মূল্যবোধের উন্নয়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী কথার চেয়ে কাজের ওপর গুরুত্ব দিচ্ছেন এবং দেশের গুণগত পরিবর্তনে কাজ করছেন। মতাদর্শ বা দলের ভিন্নতা থাকলেও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।
জনগণের সঙ্গে সম্পৃক্ততা বজায় রাখতে প্রধানমন্ত্রী নিয়মিত রাজধানীর বাইরে বিভিন্ন জেলা সফর করছেন বলে জানান প্রেস সচিব। তিনি বলেন, প্রধানমন্ত্রী ব্যক্তিপূজার সংস্কৃতি থেকে বেরিয়ে এসে জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে অগ্রাধিকার দিচ্ছেন। বাজেট প্রসঙ্গে সালেহ শিবলী দাবি করেন, চলতি অর্থবছরের বাজেট পাসের পর কোনো পণ্যের দাম বাড়েনি এবং জনজীবনে অতিরিক্ত অস্থিরতাও সৃষ্টি হয়নি। এটি একটি জীবনবান্ধব বাজেট বলেও তিনি উল্লেখ করেন।
প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে অনেক স্থানেই অবনতি হয়েছে। তিনি পুনরায় গুরুত্বারোপ করে বলেন, মতের পার্থক্য ব্যালটে থাকতে পারে, কিন্তু দেশ গড়তে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রেস উইংয়ের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :