Facebook Twitter Instagram YouTube

রোগ প্রতিরোধে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী


প্রকাশের সময় : আগস্ট ২০, ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ণ /
রোগ প্রতিরোধে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

অসুস্থ হওয়ার পর চিকিৎসার পেছনে দৌড়ানোর পরিবর্তে রোগ প্রতিরোধের মাধ্যমে জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করাকে বর্তমান সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। বৃহস্পতিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে আয়োজিত দেশব্যাপী ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে টিকাদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধনের পর একজন প্রতিবন্ধীকে টিকা খাইয়ে দিয়ে প্রতিমন্ত্রী দেশজুড়ে এই কর্মসূচি সফল করার আহ্বান জানান। দেশের স্বাস্থ্য খাতের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, দেশের ইতিহাসে এবারের বাজেটে স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে। সাধারণ মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে প্রতিটি উপজেলার ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫০ শয্যায় উন্নীত করার কার্যক্রম পুরোদমে এগিয়ে চলছে।

কলেরা ও ডায়রিয়াজনিত রোগ নির্মূলে ওরাল ভ্যাকসিনের গুরুত্ব তুলে ধরে ড. এম এ মুহিত বলেন, এটি একটি সহজে গ্রহণীয় টিকা। শহর থেকে শুরু করে গ্রামের দুর্গম চরাঞ্চল ও পাহাড়ের প্রত্যন্ত জনপদ পর্যন্ত প্রতিটি মানুষের কাছে এই টিকা পৌঁছে দিতে হবে। এ লক্ষ্য অর্জনে সব সামাজিক সংগঠন ও স্থানীয় নেতৃবৃন্দকে নিয়ে টিকাদান কর্মসূচিকে একটি কার্যকর সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার আহ্বান জানান তিনি।

আন্তর্জাতিক জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ড. মুহিত আরও উল্লেখ করেন, শুধুমাত্র টিকার ওপর নির্ভর করলেই হবে না, কলেরা ও ডায়রিয়ার মতো পানিবাহিত রোগ থেকে সুরক্ষিত থাকতে দৈনন্দিন পান করা, রান্না এবং গৃহস্থালির প্রতিটি কাজে শতভাগ বিশুদ্ধ ও নিরাপদ পানির ব্যবহার নিশ্চিত করা জরুরি। অনুষ্ঠানে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী সভাপতিত্ব করেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin