
হাম ও ডেঙ্গুসহ বেশ কয়েকটি রোগ একসঙ্গে মোকাবিলা করতে হলেও বর্তমান পরিস্থিতি নিয়ে সরকার উদ্বিগ্ন নয় বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি আশ্বস্ত করে বলেন, এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সরকার সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রেখেছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অডিটরিয়ামে আয়োজিত জাতীয় পর্যায়ে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম।
কলেরার বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, একসময় কলেরায় হাজার হাজার মানুষের মৃত্যু হতো, তবে বিভিন্ন কার্যকর উদ্যোগের ফলে বর্তমানে রোগটি অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে। তবুও রোগটি পুরোপুরি নির্মূল করার লক্ষ্যে সরকার ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন শুরু করেছে।
টিকাদান কর্মসূচির বিস্তারিত তুলে ধরে মন্ত্রী জানান, এক বছর বা তার বেশি বয়সী সবাইকে এই টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগামী ২২ আগস্ট থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত মোট ১৪টি উপজেলায় প্রথম ডোজের টিকা প্রদান করা হবে। এর ১৪ দিন পর, অর্থাৎ ২৬ সেপ্টেম্বর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত দ্বিতীয় ডোজ দেওয়া হবে।
টিকা গ্রহণের ক্ষেত্রে কিছু বিধিনিষেধের কথা উল্লেখ করে মন্ত্রী জানান, এক বছর বা তার বেশি বয়সী যে কেউ এই টিকা নিতে পারবেন। তবে গর্ভবতী নারী, টিকার কোনো উপাদানে গুরুতর অ্যালার্জি থাকার ইতিহাস রয়েছে এমন ব্যক্তি এবং বর্তমানে তীব্র সংক্রমণে আক্রান্ত ব্যক্তিদের এই টিকা দেওয়া হবে না।
আপনার মতামত লিখুন :