Facebook Twitter Instagram YouTube

গণপরিবহনে আজ থেকে জিপিএস বাধ্যতামূলক, মিলবে না ফিটনেস সনদ


প্রকাশের সময় : আগস্ট ১, ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ণ /
গণপরিবহনে আজ থেকে জিপিএস বাধ্যতামূলক, মিলবে না ফিটনেস সনদ

দেশের সড়ক পরিবহনে শৃঙ্খলা প্রতিষ্ঠা, যানবাহনের চলাচল পর্যবেক্ষণ এবং রুট ব্যবস্থাপনা আরও কার্যকর করার লক্ষ্যে আজ ১ আগস্ট থেকে সব গণপরিবহনে গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) ডিভাইস সংযোজন ও সচল রাখা বাধ্যতামূলক করেছে সরকার।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) গত ২৮ জুলাই প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নিরাপদ সড়ক পরিবহন ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ গত ১১ জুন এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছিল। সেই প্রজ্ঞাপন অনুযায়ী, ১ আগস্ট থেকে গণপরিবহনের নতুন নিবন্ধন প্রদান কিংবা ফিটনেস সনদ প্রদান ও নবায়নের সময় জিপিএস সংযোজনের প্রমাণপত্র অবশ্যই বিআরটিএ কার্যালয়ে প্রদর্শন করতে হবে। একই সঙ্গে, সংশ্লিষ্ট মোবাইল অ্যাপের মাধ্যমে ডিভাইসটি সচল থাকার তথ্যও নিশ্চিত করতে হবে।

বিআরটিএ জানিয়েছে, জিপিএস ডিভাইসের কারিগরি নির্দেশনা সংস্থাটির স্থানীয় কার্যালয় এবং দাপ্তরিক ওয়েবসাইটে পাওয়া যাবে। সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ধারা ২৫ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর বিধি ৫৫ অনুযায়ী, জিপিএস সংযুক্তি নিশ্চিত হওয়ার পরই কেবল গণপরিবহনের নিবন্ধন ও ফিটনেস সনদ দেওয়া বা নবায়ন করা হবে।

নতুন এই নির্দেশনা বাস্তবায়নের ক্ষেত্রে পরিবহন মালিক, চালক এবং সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে বিআরটিএ।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din