Facebook Twitter Instagram YouTube

আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান


প্রকাশের সময় : আগস্ট ১৪, ২০২৬, ৬:০১ অপরাহ্ণ /
আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভারতের গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, আগামী সপ্তাহের মাঝামাঝি সময়ে দুই দিনের সফরে নয়াদিল্লি যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরকে কেন্দ্র করে ঢাকা ও নয়াদিল্লিতে এখন জোর প্রস্তুতি চলছে। পরিকল্পনা অনুযায়ী সফরটি সম্পন্ন হলে এটি হবে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম ভারত সফর। দুই প্রতিবেশী দেশের সম্পর্কের ক্ষেত্রে এই সফরকে একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক মুহূর্ত হিসেবে দেখা হচ্ছে।

সফরকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তারেক রহমানের বৈঠক হওয়ার কথা রয়েছে। এই বৈঠকে দুই দেশের বাণিজ্য, যোগাযোগ ও কানেক্টিভিটি, জ্বালানি, সীমান্ত ব্যবস্থাপনা এবং আঞ্চলিক নিরাপত্তাসহ বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা হতে পারে।

এনডিটিভি জানিয়েছে, সফরটি দুই দিনের দ্বিপাক্ষিক কর্মসূচি হিসেবে আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে। তবে সফরের সময়সূচি ও অন্যান্য বিস্তারিত বিষয় এখনো চূড়ান্ত করা হয়নি। এ বিষয়ে অবগত ব্যক্তিরা জানিয়েছেন, আলোচনার মাধ্যমে কর্মসূচি চূড়ান্ত করার কাজ চলছে।

এর আগে গত ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পরপরই তারেক রহমানকে নয়াদিল্লি সফরের আমন্ত্রণ জানিয়েছিল ভারত। এছাড়া আগামী সেপ্টেম্বরে নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য ব্রিকস সম্মেলনের অধিবেশনে অংশ নিতে বাংলাদেশকেও আমন্ত্রণ জানিয়েছে ভারত।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin