
চলতি অর্থবছরের মধ্যেই সিটি করপোরেশন, ইউনিয়ন পরিষদ (ইউপি) এবং পৌরসভাসহ মোট পাঁচটি নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শনকালে তিনি এ তথ্য জানান।
এদিন প্রতিমন্ত্রী শ্রীমঙ্গলে পরিচ্ছন্নতাকর্মীদের জন্য নির্মিত আবাসন ভবন তৈরির কাজ, শহরের ময়লার ভাগাড় স্থানান্তর কার্যক্রম এবং রাধানগর মহাজিরাবাদ সড়ক সংস্কার কাজ সরেজমিনে পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, মৌলভীবাজারকে একটি আধুনিক পর্যটন নগরী হিসেবে নতুন রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য অবকাঠামো উন্নয়ন, শিল্পায়ন, শিক্ষা, যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন, পরিবেশ রক্ষা এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে।
তিনি আরও উল্লেখ করেন, এই পর্যটন নগরীর সার্বিক উন্নয়নে ১ হাজার কোটি টাকার একটি বড় প্রকল্প হাতে নেওয়া হচ্ছে। বর্তমান সরকার মৌলভীবাজার জেলাকে জাতীয় উন্নয়নের মূলধারায় ফিরিয়ে আনতে একটি সমন্বিত পরিকল্পনা নিয়ে কাজ করে যাচ্ছে।
আপনার মতামত লিখুন :