Facebook Twitter Instagram YouTube

পুলিশ ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অপপ্রচারে কঠোর সতর্কবার্তা পুলিশের


প্রকাশের সময় : আগস্ট ৭, ২০২৬, ১০:৩০ অপরাহ্ণ /
পুলিশ ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অপপ্রচারে কঠোর সতর্কবার্তা পুলিশের

সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ পুলিশ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ। শুক্রবার (৭ আগস্ট) পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। একই সঙ্গে গুজব ও অপপ্রচার থেকে বিরত থাকার জন্য জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

পুলিশের বার্তায় দাবি করা হয়, সম্প্রতি একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে মিথ্যা, বানোয়াট, বিভ্রান্তিকর ও উসকানিমূলক প্রচারণা চালাচ্ছে। পুলিশের ভাষ্যমতে, পতিত ফ্যাসিবাদী শক্তি এবং তাদের দেশি-বিদেশি সহযোগীরা জনমনে বিভ্রান্তি সৃষ্টি, আইন-শৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করা, পুলিশ বাহিনীর মনোবল দুর্বল করা এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে এসব অপপ্রচার চালাচ্ছে।

পুলিশ আরও জানায়, কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক দলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং কোনো ধরনের বেআইনি তদবির আমলে না নেওয়ায় অসন্তুষ্ট একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব অপপ্রচার চালাচ্ছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন ফৌজদারি অপরাধে জড়িত থাকা, সরকারি দপ্তরে অনৈতিক তদবির এবং অপপ্রচার বন্ধের শর্তে অর্থ দাবির তথ্য-প্রমাণও পুলিশের কাছে রয়েছে বলে দাবি করা হয়েছে।

বাংলাদেশ পুলিশ জনগণকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর বা উসকানিমূলক কোনো তথ্য যাচাই ছাড়া বিশ্বাস, শেয়ার বা প্রচার না করার আহ্বান জানিয়েছে। পাশাপাশি দায়িত্বশীল নাগরিক হিসেবে গুজব ও অপপ্রচার প্রতিরোধে সচেতন ভূমিকা রাখার অনুরোধ করা হয়েছে। বার্তায় আরও বলা হয়, ভবিষ্যতেও এ ধরনের অপপ্রচার অব্যাহত থাকলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin