Facebook Twitter Instagram YouTube

ফিরোজ গান্ধীর সঙ্গে সম্পর্কের টানাপোড়েন নিয়ে স্মৃতিচারণ ইন্দিরা গান্ধীর


প্রকাশের সময় : নভেম্বর ১২, ২০২৬, ১০:১১ পূর্বাহ্ণ / ০
ফিরোজ গান্ধীর সঙ্গে সম্পর্কের টানাপোড়েন নিয়ে স্মৃতিচারণ ইন্দিরা গান্ধীর

ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও তার স্বামী ফিরোজ গান্ধীর সম্পর্কের নানা দিক সোনিয়া গান্ধীর স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’-এ বিস্তারিত উঠে এসেছে। ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত এই স্মৃতিকথার অংশে তাদের দাম্পত্য জীবনের টানাপোড়েন, দূরত্ব এবং গভীর ভালোবাসার নানা ঘটনা বর্ণিত হয়েছে।

ইন্দিরা ও ফিরোজ ১৯৪২ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের পাঁচ বছর পর ভারত স্বাধীন হলে জওহরলাল নেহরু প্রধানমন্ত্রী হন। সোনিয়া লিখেছেন, কাজের প্রয়োজনে নেহরুর ইন্দিরার সহায়তা দরকার ছিল। নতুন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে ফিরোজ প্রথমে সম্মতি দিলেও, পরে ইন্দিরার ওপর বাবার দায়িত্ব বাড়তে থাকায় তিনি ক্ষুব্ধ হয়ে ওঠেন। ১৯৪৪ সালে রাজীব এবং ১৯৪৬ সালে সঞ্জয়ের জন্মের পর দুই দিকের দায়িত্ব সামলানো ইন্দিরার জন্য কঠিন হয়ে পড়েছিল। প্রধানমন্ত্রী নেহরুর আনুষ্ঠানিক আতিথেয়তার দায়িত্বে থাকা ইন্দিরাকে অনেক সময় বাবার সফরসঙ্গী হতে হতো, কিন্তু ফিরোজ তার সঙ্গে যেতে পারতেন না।

ইন্দিরার কর্মীদের একজন অ্যামি আন্টির ভাষ্যমতে, আনুষ্ঠানিক নৈশভোজে প্রটোকল অনুযায়ী ইন্দিরাকে বাবার পাশে বসানো হলেও ফিরোজকে টেবিলের অনেক দূরে বসতে হতো, যা তাকে অপমানিত ও কষ্ট দিত। এ ধরনের ঘটনা তাদের বিচ্ছিন্নতা বাড়িয়েছিল। ১৯৫০-এর দশকের মাঝামাঝি ফিরোজ সংসদ সদস্য হিসেবে পৃথক বাড়িতে চলে যান। সেই সময়ে ফিরোজ বন্ধু ও নারীদের সঙ্গ উপভোগ করতেন। তবে ইন্দিরা তাকে শর্ত দিয়েছিলেন যে, বাইরে কার সঙ্গে তিনি কী করেন তাতে আপত্তি নেই, যদি ফিরোজ তা তাকে অন্যদের আগে নিজ থেকে জানান। ইন্দিরা তার বন্ধুকে লেখা চিঠিতে বলেছিলেন, ফিরোজের ত্রুটি থাকা সত্ত্বেও তিনি তাকে ভালোবাসেন। ১৯৫৮ সালে ফিরোজ হৃদরোগে আক্রান্ত হলে ইন্দিরা তার সেবা করেন। ১৯৫৯ সালে ইন্দিরার কিডনিতে পাথরের অস্ত্রোপচার হলে ফিরোজও তার প্রতি সমান উদ্বেগ প্রকাশ করেন।

এক পর্যায়ে ফিরোজ গুরুতর সম্পর্কে জড়িয়ে পড়লে বিচ্ছেদের কথা উঠেছিল। নেহরু তাদের বোঝানোর পর ফিরোজ সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন। ১৯৬০ সালে পরিবারসহ কাশ্মীরে ছুটি কাটানোর তিন মাস পর ফিরোজ আবার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। ইন্দিরা তখন কেরালায় ছিলেন, খবর পেয়ে ফিরে এসে শেষ সময়টুকু তার পাশে ছিলেন। সোনিয়া লিখেছেন, দাম্পত্য জীবনে দূরত্ব থাকলেও ইন্দিরা শেষ পর্যন্ত ফিরোজকেই একমাত্র ভালোবেসেছিলেন এবং তাদের বন্ধন ছিন্ন হয়নি। ইন্দিরা তার মৃত্যুর আগে সোনিয়াকে লেখা এক নোটে সম্পর্কের গভীরতার কথা উল্লেখ করেছিলেন। ছোট বোনকে বিচ্ছেদের বিষয়ে পরামর্শ দিতে গিয়ে ইন্দিরা বলেছিলেন, ফিরোজের সঙ্গে বিচ্ছেদের জন্য তিনি সব সময় অনুতপ্ত ছিলেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin