
কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে দ্বিতীয় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম আইআরআইবি বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছে। বুধবার গভীর রাতে এই হামলা চালানো হয় বলে প্রতিবেদনে জানানো হয়।
আইআরজিসির দাবি অনুযায়ী, তাদের নৌ ও অ্যারোস্পেস ইউনিট যৌথভাবে কুয়েতের আরিফান ও আল-সালেম এবং বাহরাইনের জাফাইর ও শেখ ইসা ঘাঁটিকে লক্ষ্য করে এই অভিযান পরিচালনা করে। দক্ষিণ ইরানে মার্কিন বাহিনীর হামলার প্রতিক্রিয়ায় এই পাল্টা পদক্ষেপ নেওয়া হয়েছে বলে আইআরজিসি জানিয়েছে। এর কয়েক ঘণ্টা আগেই ইরানের বিভিন্ন স্থাপনায় মার্কিন হামলা চালানো হয়েছিল।
আইআরজিসির ভাষ্যমতে, ইসলামাবাদ সমঝোতা চুক্তি লঙ্ঘন করে দক্ষিণ ইরানে মার্কিন বাহিনীর হামলার জবাব হিসেবেই এই অভিযান চালানো হয়েছে। এছাড়া এর আগে ৫ জুলাই হরমুজ প্রণালিতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনার পর, মঙ্গলবার গভীর রাতে দক্ষিণ ইরান ও হরমুজ অঞ্চলে প্রায় ৮০টি সামরিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকোম)। সেই হামলার প্রতিশোধ নিতেই কুয়েত ও বাহরাইনে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে দ্বিতীয়বারের মতো এই সামরিক অভিযান চালানো হয়েছে বলে সংগঠনটি দাবি করেছে।
সংগঠনটি হুঁশিয়ারি দিয়ে বলেছে, ভবিষ্যতে যুক্তরাষ্ট্র বা তাদের মিত্ররা যদি আবারও কোনো হামলা চালায়, তবে মধ্যপ্রাচ্যে অবস্থিত অন্যান্য মার্কিন ঘাঁটিতে আরও কঠোর সামরিক অভিযান চালানো হবে।
এদিকে চলমান এই হামলা-পাল্টা হামলার প্রেক্ষাপটে তুরস্কের রাজধানী আঙ্কারায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি কার্যত শেষ হয়ে গেছে। বর্তমান পরিস্থিতিতে তেহরানের সঙ্গে কূটনৈতিক আলোচনা চালিয়ে যাওয়া সম্ভব নয় বলেও তিনি উল্লেখ করেন।
আপনার মতামত লিখুন :