
দীর্ঘ সময় মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকার পর মার্কিন বিমানবাহী রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিংকন’ শক্তি প্রদর্শনের মিশনে ব্যর্থ হয়েছে বলে দাবি করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, দীর্ঘদিনের টানা অভিযানের কারণে এই যুদ্ধজাহাজের নাবিকরা চরম ক্লান্ত হয়ে পড়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইসমাইল বাঘাই বলেন, আমেরিকানরা মূলত এই অঞ্চলে নিজেদের সামরিক শক্তি প্রদর্শনের উদ্দেশ্যে ইউএসএস আব্রাহাম লিংকনকে পাঠিয়েছিল। তবে কয়েক মাস ধরে চলমান যুদ্ধ পরিস্থিতি এবং দীর্ঘ ২০০ দিনেরও বেশি সময় কোনো বন্দরে না ভিড়ে সমুদ্রে থাকার পর রণতরীটি তার লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। বর্তমানে নাবিকদের বিশ্রাম ও বিনোদনের জন্য এটি থাইল্যান্ডের দিকে রওনা হয়েছে বলে জানান তিনি।
এদিকে থাইল্যান্ডের প্রতিরক্ষা কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, মধ্যপ্রাচ্যে দীর্ঘ সামরিক অভিযান শেষ করে আগামী সপ্তাহে ইউএসএস আব্রাহাম লিংকন সেদেশে সংক্ষিপ্ত বিরতি নেবে। টানা ২৫০ দিনেরও বেশি সময় সমুদ্রে কাটানোর পর রণতরীটি থাই বন্দরে নোঙর করবে। তবে এই সফরের মূল উদ্দেশ্য নাবিকদের বিশ্রাম ও ক্লান্তি দূর করা। এই সময়ে থাই নৌবাহিনীর সঙ্গে মার্কিন বাহিনীর কোনো যৌথ সামরিক মহড়া বা অভিযান পরিচালনার পরিকল্পনা নেই।
দীর্ঘ সময় ধরে সমুদ্রে অবস্থান করায় এই রণতরীতে থাকা প্রায় ৫ হাজার নাবিক ও মেরিন সেনার শারীরিক ও মানসিক স্বাস্থ্য নিয়ে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে। নাবিকদের পরিবারের সদস্যরা জানিয়েছেন, দীর্ঘদিনের মোতায়েনের কারণে তাদের স্বজনদের মানসিক স্বাস্থ্যের মারাত্মক অবনতি ঘটেছে। একই সঙ্গে জাহাজে খাবার ও ব্যক্তিগত পরিচ্ছন্নতা সামগ্রীর তীব্র ঘাটতি দেখা দিয়েছে বলেও অভিযোগ করেছেন তারা।
আপনার মতামত লিখুন :