
দেশের চারটি বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি দেশের অন্যান্য বিভাগে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। মঙ্গলবার (২৫ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুসারে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে ভারতের ঝাড়খণ্ড ও সংলগ্ন এলাকায় রয়েছে। মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, লঘুচাপের কেন্দ্রস্থল, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। বাংলাদেশে মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
আগামীকাল বুধবার রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। একই সময়ে রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। বৃহস্পতিবার রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রপাত হতে পারে। শুক্রবার ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার দেশের আটটি বিভাগেই অনেক জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।
এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, বর্তমানে দেশের সব প্রধান নদ-নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে আগামী তিন দিন সিলেট, ময়মনসিংহ, রংপুর ও চট্টগ্রাম বিভাগে মাঝারি থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে। এসব বিভাগের উজান এলাকাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় সংশ্লিষ্ট নদ-নদীর পানি বাড়তে পারে বলে সতর্ক করা হয়েছে।
আপনার মতামত লিখুন :