
হরমুজ প্রণালিতে নিজেদের জলসীমার অংশ এবং এই জলপথ থেকে অর্জিত রাজস্ব ভাগাভাগির বিষয়ে ইরান ও ওমান একটি সমঝোতায় পৌঁছেছে। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মুখপাত্র হোসেইন মোহেব্বি বুধবার (২৬ আগস্ট) রাষ্ট্রীয় গণমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।
মোহেব্বি জানান, প্রায় এক মাস ধরে ওমানের সঙ্গে দফায় দফায় আলোচনার পর উভয় পক্ষের কাছে গ্রহণযোগ্য এই ফলাফল পাওয়া গেছে। এই সমঝোতার আওতায় প্রণালির জলসীমায় প্রতিটি দেশের অংশ এবং সেখান থেকে প্রাপ্ত রাজস্বে ইরান ও ওমানের অংশীদারত্ব নির্ধারণ করা হয়েছে।
তবে এই সমঝোতা বাস্তবায়নের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে নির্দিষ্ট শর্ত মেনে চলার হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। বাহিনীর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, ইরান ও ওমানের মধ্যকার আলোচনায় যুক্তরাষ্ট্র বাধা দেওয়ার চেষ্টা করেছে, যার ফলে চূড়ান্ত সমঝোতা কার্যকর হতে বিলম্ব হয়েছে।
মোহেব্বি স্পষ্ট করেছেন, যুক্তরাষ্ট্র যদি তাদের বাধা দেওয়া বন্ধ করে এবং চুক্তিতে ফিরে আসে, তবেই এই সমঝোতার কাঠামোর মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়া হতে পারে। অন্যথায়, শর্ত পূরণ না হওয়া পর্যন্ত এই কৌশলগত জলপথটি বন্ধই থাকবে।
উল্লেখ্য, ফেব্রুয়ারি মাসে যুদ্ধ শুরুর আগে হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রায় এক-পঞ্চমাংশ পরিবহন করা হতো। যুদ্ধ শুরুর পর থেকে এই গুরুত্বপূর্ণ জলপথে নৌ চলাচল প্রায় বন্ধ হয়ে যাওয়ায় আন্তর্জাতিক জ্বালানি বাজারে দাম বৃদ্ধি পেয়েছে। একই সময়ে তেহরান ও ওয়াশিংটন পৃথক অবরোধ আরোপের মাধ্যমে এই জলপথের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে আসছে।
আপনার মতামত লিখুন :