Facebook Twitter Instagram YouTube

বগুড়ায় ওষুধ চুরির দায়ে যুবককে ১০০ রাকাত নামাজ পড়ার শাস্তি


প্রকাশের সময় : আগস্ট ২৭, ২০২৬, ৬:০১ পূর্বাহ্ণ /
বগুড়ায় ওষুধ চুরির দায়ে যুবককে ১০০ রাকাত নামাজ পড়ার শাস্তি

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পূর্ব ঢাকারোড এলাকায় ওষুধ চুরির অভিযোগে মো. আলামিন (৩০) নামের এক যুবককে আটক করে স্থানীয়রা নফল নামাজ পড়ার শাস্তি দিয়েছেন। বুধবার দুপুরে জহুরুল ইসলামের মালিকানাধীন 'তাজ ফার্মেসি অ্যান্ড মেডিসিন শপ' থেকে চুরির সময় তাকে হাতেনাতে ধরা হয়। আলামিনের বাড়ি আদমদীঘির ছাতিয়ানগ্রামে।

ফার্মেসির মালিক জহুরুল ইসলাম জানান, দুপুর ১২টার দিকে তিনি দোকান খোলা রেখে শৌচাগারে গিয়েছিলেন। এই সুযোগে আলামিন দোকানের গেটে একটি চেয়ারের ওপর দাঁড়িয়ে ওষুধ চুরি করছিলেন। একপর্যায়ে চেয়ারটি ভেঙে তিনি নিচে পড়ে গেলে পাশের দোকানি মাসুদ শব্দ শুনে ছুটে আসেন এবং তাকে ধরে ফেলেন।

স্থানীয়রা জড়ো হলে আলামিন নিজের অপরাধ স্বীকার করেন। পরে উপস্থিত লোকজন তাকে মারধর না করে শাস্তি হিসেবে ১০০ রাকাত নফল নামাজ পড়ার নির্দেশ দেন। পাশের কীটনাশক দোকানি জিল্লুর রহমান মামুন জানান, অভিযুক্তকে দীর্ঘ সময় নামাজ পড়ানোর মূল উদ্দেশ্য ছিল যেন তিনি নিজের কর্মকাণ্ডে অনুতপ্ত হন এবং ভবিষ্যতে এমন অপরাধ থেকে বিরত থাকেন। নামাজ আদায় শেষে আলামিনকে ছেড়ে দেওয়া হয়।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy