
নেপাল ও তিব্বত সীমান্তবর্তী রাসুয়া জেলায় ভোতেকুশ নদীতে আকস্মিক পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৫ জনে পৌঁছেছে। ভয়াবহ এই প্রাকৃতিক বিপর্যয়ে এখনো পাঁচ শতাধিক মানুষ নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। নিখোঁজ ব্যক্তিদের মধ্যে শতাধিক ভারতীয় নাগরিকসহ অন্তত ৩৪১ জন বিদেশি নাগরিক রয়েছেন।
যুক্তরাজ্যভিত্তিক বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানানো হয়েছে, বুধবার সকালে নেপালের রাজধানী কাঠমান্ডুর উত্তরাঞ্চলীয় রসুয়া জেলায় পাহাড়ি ঢল নামে। চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বত থেকে ভোতেকুশ নদীর মাধ্যমে হঠাৎ ধেয়ে আসা পানি ও কাদা মুহূর্তের মধ্যে ঘনবসতিপূর্ণ গ্রামগুলোকে গ্রাস করে ফেলে।
নেপাল পর্যটন বোর্ড সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছে, স্থানীয় বাসিন্দা এবং এলাকায় অবস্থানরত পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে অনুসন্ধান কার্যক্রম চালানো হচ্ছে। বন্যায় দেশটির বিদ্যুৎ পরিকাঠামোও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষ (এনইএ) জানিয়েছে, রাসুয়াগড়ি, চিলিমে, ত্রিশুলি ৩এ, ত্রিশুলি ৩বি সাবস্টেশন এবং ত্রিশুলি ও দেবীঘাট জলবিদ্যুৎ কেন্দ্রসহ মোট ছয়টি প্রধান প্রকল্প ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রায় ৪৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ও সঞ্চালন ব্যবস্থা ব্যাহত হয়েছে।
পরিস্থিতি মোকাবিলায় নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের জরুরি বৈঠক ডেকেছেন এবং উদ্ধারকাজ জোরদার করার নির্দেশ দিয়েছেন। উদ্ধার অভিযানে নেপাল সেনাবাহিনীর দুটি হেলিকপ্টার ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মীদের মোতায়েন করা হয়েছে।
আপনার মতামত লিখুন :