Facebook Twitter Instagram YouTube

শেখ হাসিনার সমাধি বাংলার মাটিতে হবে না, রাঙামাটিতে হুঙ্কার সারজিস আলমের


প্রকাশের সময় : আগস্ট ২৬, ২০২৬, ১১:৩১ অপরাহ্ণ / ০ Views
শেখ হাসিনার সমাধি বাংলার মাটিতে হবে না, রাঙামাটিতে হুঙ্কার সারজিস আলমের

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সংগঠক সারজিস আলম মন্তব্য করেছেন যে, শেখ হাসিনার সমাধি এই বাংলার মাটিতে হবে না। বুধবার ২৬ আগস্ট বিকেলে রাঙামাটির একটি স্থানীয় রেস্তোরাঁয় আয়োজিত জেলা সমন্বয় সভায় তিনি এ মন্তব্য করেন।

সভায় সারজিস আলম পার্বত্য তিন জেলা পরিষদ গঠন প্রসঙ্গে বলেন, সম্প্রতি গঠিত এসব পরিষদ মূলত বিএনপির একাংশের পরিষদ। জাতীয় নাগরিক পার্টি চায় আগামীতে নির্বাচনের মাধ্যমেই এই পরিষদগুলো গঠিত হোক। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্বাচনের মাধ্যমে পরিষদ গঠন না করা হলে এনসিপি কঠোর আন্দোলনে নামবে।

একই সঙ্গে তিনি তিন পার্বত্য জেলায় ৫০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল স্থাপনসহ শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবি জানান।

অনুষ্ঠানে এনসিপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব সারোয়ার তুষার, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম সুজা উদ্দিন, এনসিপি রাঙামাটির সদস্য সচিব মো. শোয়েব, জেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম খান এবং যুগ্ম সদস্য সচিব প্রিয় চাকমাসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও জেলার বিভিন্ন উপজেলার আহ্বায়ক কমিটির নেতারা সভায় অংশ নেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh