Facebook Twitter Instagram YouTube

মাদক নির্মূলে ঢাকা-৬ এলাকায় নতুন সামাজিক সংগঠন গড়তে চান ইশরাক


প্রকাশের সময় : অক্টোবর ২১, ২০২৬, ১:২৩ অপরাহ্ণ / ০
মাদক নির্মূলে ঢাকা-৬ এলাকায় নতুন সামাজিক সংগঠন গড়তে চান ইশরাক

ঢাকা-৬ আসনের বাসিন্দাদের নিয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে একটি নতুন সংগঠন গঠনের উদ্যোগ নিয়েছেন সংসদ সদস্য ইশরাক হোসেন। বুধবার (২১ অক্টোবর) সকাল ১০টা ৫০ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এই পরিকল্পনার কথা জানান।

ইশরাক হোসেন জানান, মাদক নির্মূলের পাশাপাশি চুরি, ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজি প্রতিরোধেও এই সংগঠন কাজ করবে। তিনি উল্লেখ করেন, অত্যধিক ঘনবসতিপূর্ণ এই এলাকায় সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ ছাড়া কোনো একক সংস্থার পক্ষে মাদক নির্মূল করা সম্ভব নয়। তাই এলাকাবাসীকে সঙ্গে নিয়ে সমন্বিতভাবে কাজ করার ওপর জোর দিয়েছেন তিনি।

গঠিতব্য এই সংগঠনটি স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করবে এবং প্রশাসনের কাছ থেকেও সহযোগিতা নেবে। থানা-পুলিশের সঙ্গে আলোচনা সাপেক্ষে প্রতিটি পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি জানিয়েছেন।

নিজের এই উদ্যোগটি বাধাগ্রস্ত হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন এই সংসদ সদস্য। তিনি অভিযোগ করেন, মাদক ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তি এবং কিছু সংবাদপত্র ও অনলাইন গণমাধ্যম এই উদ্যোগের বিরোধিতা করতে পারে। তবে সব বাধা অতিক্রম করে এই উদ্যোগ সফল করার বিষয়ে তিনি আশাবাদী।

এলাকাবাসী ও ভোটারদের উদ্দেশে ইশরাক হোসেন বলেন, কোনো অপরাধী বা গণমাধ্যমের কোনো পক্ষই তাকে এই কার্যক্রম থেকে বিরত রাখতে পারবে না। একই পোস্টে তিনি বাংলাদেশপন্থী, মেধাবী ও দেশপ্রেমিক তরুণ প্রজন্মকে নিয়ে নতুন ধারার গণমাধ্যম গড়ে তোলার ইচ্ছার কথাও ব্যক্ত করেছেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh