Facebook Twitter Instagram YouTube

ইরানের সঙ্গে একক যুদ্ধে ইসরাইল খুবই দুর্বল: আইআরজিসি


প্রকাশের সময় : আগস্ট ১৭, ২০২৬, ১:৪২ অপরাহ্ণ /
ইরানের সঙ্গে একক যুদ্ধে ইসরাইল খুবই দুর্বল: আইআরজিসি

ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) ডেপুটি পলিটিক্যাল চিফ ব্রিগেডিয়ার জেনারেল ইয়াদোল্লাহ জাভানি দাবি করেছেন যে, ইরানের সঙ্গে এককভাবে যুদ্ধ করার মতো কোনো সক্ষমতা ইসরাইলের নেই। তিনি মন্তব্য করেন, যুক্তরাষ্ট্রের সামরিক সমর্থন ছাড়া ইসরাইল কখনোই ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে জড়ানোর সাহস করত না।

এক রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে জাভানি বলেন, সাম্প্রতিক সময়ে ইরানের শীর্ষ সামরিক পদে অভিজ্ঞ কমান্ডারদের নিয়োগের মাধ্যমে দেশটির প্রতিরক্ষা কৌশলে বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে। নতুন এই কৌশলের আওতায় ইরান সর্বোচ্চ মাত্রার প্রতিরোধ গড়ে তুলবে এবং প্রয়োজনে প্রতিরক্ষামূলক অভিযানগুলো আক্রমণাত্মক রূপ নিতে পারে বলে তিনি জানান।

জাভানি আরও সতর্ক করে বলেন, ইরানের সশস্ত্র বাহিনী শত্রুর যেকোনো আকস্মিক হামলা মোকাবিলায় প্রস্তুত রয়েছে। তিনি দাবি করেন, ভবিষ্যতে ইরানই শত্রুর বিরুদ্ধে ‘কৌশলগত বিস্ময়’ তৈরি করতে পারে। তার ভাষ্যমতে, শত্রুকে এটি বুঝতে হবে যে তারা অতর্কিত হামলা চালিয়ে ইরানকে অপ্রস্তুত করতে পারবে না; বরং তাদেরই কৌশলগত বিস্ময়ের জন্য প্রস্তুত থাকা উচিত।

জাভানি আরও অভিযোগ করেন যে, আগের ১২ দিনের সংঘাতে ইসরাইল এবং যুক্তরাষ্ট্র তাদের নির্ধারিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। তার দাবি অনুযায়ী, ওই যুদ্ধে যুক্তরাষ্ট্রের সমর্থন পাওয়ার পরই ইসরাইল সরাসরি সংঘাতে প্রবেশ করতে সক্ষম হয়েছিল।

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬, ১৩: ২৭আপডেট : ১৭ আগস্ট ২০২৬, ১৩: ২৮

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh