
লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) এর তথ্যমতে, দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ইসরাইলি বাহিনী ফসফরাস গোলা, বিমান হামলা এবং ভারী কামানের গোলাবর্ষণ করেছে। শনিবার ভোরে দক্ষিণ লেবাননের মানসুরি, বেইত আল-সাইয়াদ ও মাজদাল জউনের বিভিন্ন এলাকায় ইসরাইলি বাহিনী ভারী গোলাবর্ষণ শুরু করে। রাতভর এসব এলাকায় ব্যাপক বিস্ফোরণের ঘটনা ঘটে। বিশেষ করে বেইত আল-সাইয়াদে চালানো হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং এনএনএর দাবি অনুযায়ী, গ্রামের প্রায় কোনো বাড়িই ক্ষতিগ্রস্ত হওয়া থেকে রক্ষা পায়নি।
হাদাথা, বেইত ইয়াহুন ও আইতা আল-জাবাল এলাকায়ও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এছাড়া দক্ষিণ লেবাননের পশ্চিম ও মধ্যাঞ্চলের বিভিন্ন শহর ও গ্রামের আকাশে ইসরাইলি ড্রোন উড়তে দেখা গেছে। নাবাতিয়েহ আল-ফাওকার উত্তরে আলি আল-তাহের পাহাড় এলাকায় ইসরাইলি যুদ্ধবিমান দুটি হামলা চালিয়েছে। একই সঙ্গে দাওহাত কাফর রেম্মান, দাবশা পাহাড় ও আলি আল-তাহেরের বনাঞ্চলেও কামানের গোলাবর্ষণ করা হয়েছে, যেখানে ফসফরাস গোলা ব্যবহারের অভিযোগ উঠেছে।
এর আগে দক্ষিণ লেবাননে ফসফরাস ব্যবহারের অভিযোগ নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো গভীর উদ্বেগ প্রকাশ করেছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, জনবসতিপূর্ণ এলাকায় সাদা ফসফরাসের ব্যবহার বেসামরিক মানুষের জন্য গুরুতর ঝুঁকি সৃষ্টি করে এবং আন্তর্জাতিক মানবিক আইনের আওতায় এ ধরনের অস্ত্র ব্যবহারে কঠোর বিধিনিষেধ বিদ্যমান রয়েছে। এই সাম্প্রতিক হামলাগুলো এমন এক সময়ে সংঘটিত হলো, যখন লেবানন ও ইসরাইলের মধ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি নিরাপত্তা কাঠামো কার্যকর থাকার কথা ছিল। তবে সেই নিরাপত্তা কাঠামো সত্ত্বেও দক্ষিণ লেবাননে হামলা ও উত্তেজনা অব্যাহত রয়েছে।
আপনার মতামত লিখুন :