Facebook Twitter Instagram YouTube

জাতীয় জাদুঘরে কবি মোহন রায়হানের ৭০তম জন্মদিন উদযাপিত


প্রকাশের সময় : আগস্ট ২৩, ২০২৬, ৭:৩০ পূর্বাহ্ণ /
জাতীয় জাদুঘরে কবি মোহন রায়হানের ৭০তম জন্মদিন উদযাপিত

শনিবার সন্ধ্যায় জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে কবি মোহন রায়হানের ৭০তম জন্মদিন উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘মোহন রায়হান ৭০ বছর উদযাপন পরিষদ’-এর ব্যবস্থাপনায় আয়োজিত এই অনুষ্ঠানে কবির জীবন ও কর্মের মূল্যায়ন, প্রামাণ্যচিত্র প্রদর্শন, কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচনসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা স্থান পায়।

অনুষ্ঠানটির উদ্বোধন করেন জাতীয় সংসদের সরকার দলীয় চিফ হুইপ নূরুল ইসলাম মণি। তিনি তার বক্তব্যে বলেন, ‘আমি কবি মোহন রায়হানের দীর্ঘায়ু কামনা করি। তার মতো কবি এ দেশের জন্য প্রয়োজন। তিনি আরও কবিতা লিখুন এবং দেশের সাহিত্যাঙ্গনে অবদান রাখুন—এই কামনা করি।’

‘মোহন রায়হান ৭০ বছর উদযাপন পরিষদ’-এর আহ্বায়ক ও লেখক-গবেষক ড. সলিমুল্লাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইনমন্ত্রী আসাদুজ্জামান আসাদ, কবি মতিন বৈরাগী, সাংবাদিক আবু সাইদ খান এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

ড. সলিমুল্লাহ খান বলেন, ‘মোহন রায়হানের জীবন বাংলাদেশের সাহিত্য ও সংস্কৃতির ইতিহাসের সঙ্গে গভীরভাবে যুক্ত। তাঁর সৃজন ও সংগ্রামের মূল্যায়ন এবং নতুন প্রজন্মের কাছে তার জীবনাদর্শ ও সাহিত্যকর্ম পৌঁছে দেওয়াই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।’ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক মন্তব্য করেন, ‘কবিরা না থাকলে এই পৃথিবী বাসযোগ্য হতো না। কবি মোহন রায়হান আমাদের সমাজ বিনির্মাণের জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন।’

একঝাঁক তরুণ সংগীতশিল্পীর পরিবেশিত উদ্বোধনী সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। এরপর কবির জীবন ও কর্ম নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ‘অগ্নিপথের কবি’ প্রদর্শিত হয়। আয়োজনটিতে ছিল নৃত্যনাট্য, গান ও আবৃত্তির পরিবেশনা। এছাড়া কবির সংবর্ধনা গ্রন্থ ও ‘নির্বাচিত ১০০ কবিতা’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh