
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসা। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর সাড়ে ১২টায় বাংলাদেশ সচিবালয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যে বিদ্যমান কৌশলগত অংশীদারত্ব আরও সুদৃঢ় করার পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি ও বিভিন্ন ক্ষেত্রে জাপানের আরও সক্রিয় সহযোগিতা কামনা করেন। তিনি জাপানি ভাষায় দক্ষতা অর্জনের মাধ্যমে বাংলাদেশ থেকে দক্ষ স্বাস্থ্যকর্মী, কৃষিশ্রমিক এবং গাড়িচালক নিয়োগের উদ্যোগ নিতে জাপানি প্রতিনিধিদলের প্রতি আহ্বান জানান।
বাংলাদেশে জাপানি প্রতিষ্ঠানের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, নারায়ণগঞ্জের আড়াইহাজারের মতো দেশে আরেকটি শিল্প পার্ক স্থাপনে জাপান আগ্রহী হলে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে। একই সঙ্গে দুই দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা প্রসারে যৌথভাবে কাজ করার তাগিদ দেন তিনি।
এই সৌজন্য সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং প্রধানমন্ত্রীর এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান।
আপনার মতামত লিখুন :