Facebook Twitter Instagram YouTube

অসুস্থদের সেবায় মহানবী (সা.)-এর অনুকরণীয় আদর্শ


প্রকাশের সময় : আগস্ট ২৭, ২০২৬, ৯:৩১ পূর্বাহ্ণ /
অসুস্থদের সেবায় মহানবী (সা.)-এর অনুকরণীয় আদর্শ

অসুস্থতা মানুষের জীবনের একটি অনিবার্য বাস্তবতা এবং কঠিন পরীক্ষা। শারীরিক যন্ত্রণার পাশাপাশি প্রিয়জনদের সান্নিধ্য, মানসিক সাহস এবং সান্ত্বনা একজন রোগীর মনে নতুন আশার সঞ্চার করে। মানবজাতির সর্বশ্রেষ্ঠ শিক্ষক মহানবী হজরত মুহাম্মদ (সা.) অসুস্থতার এই কষ্ট ও মানসিক অবস্থা গভীরভাবে অনুধাবন করতেন। সাহাবি বা পরিচিতদের কেউ অসুস্থ হলে তিনি নিজে ছুটে যেতেন, শয্যাপাশে বসে সাহস জোগাতেন এবং তাদের সুস্থতার জন্য দোয়া করতেন।

অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া মহানবী (সা.)-এর অন্যতম সুন্নাহ। তিনি নিয়মিত অসুস্থ মানুষের কাছে যেতেন এবং তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নিতেন। হজরত ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত আছে যে, একবার রাসুলুল্লাহ (সা.) এক অসুস্থ বেদুইনকে দেখতে যান এবং তাকে সান্ত্বনা দেন।

মহানবী (সা.) অসুস্থতাকে কেবল শারীরিক কষ্ট হিসেবে দেখতেন না, বরং একে মুমিনের জন্য মর্যাদাবৃদ্ধি ও গুনাহ মোচনের একটি সুবর্ণ সুযোগ হিসেবে শিখিয়ে গেছেন। তাঁর এই আদর্শ অনুসরণের মাধ্যমে অসুস্থদের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধের শিক্ষা পাওয়া যায়।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor