
কুমিল্লায় সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে যাওয়ার পথে দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় জড়িত প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার বিকেল ৩টার দিকে হামলার ঘটনার পর, রাত ৩টার দিকে সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শাওন ওই উপজেলার শ্রীমন্তপুর এলাকার সেলিম মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল আলম শাহ।
পুলিশ জানায়, ঘটনার পর আসামি এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছিল। থানায় মামলা দায়েরের পর গোয়েন্দা পুলিশের একটি টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তাকে সদর দক্ষিণ থানায় হস্তান্তর করা হয়েছে এবং বৃহস্পতিবার তাকে আদালতে প্রেরণ করা হবে। ওসি শামছুল আলম শাহ জানান, ঘটনার ১২ ঘণ্টার মধ্যে আসামি শাওনকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে, বুধবার দুপুরে জেলার সদর দক্ষিণ উপজেলার উত্তর রামপুরের মিস্ত্রীপুকুর পাড় এলাকায় হামলার ঘটনাটি ঘটে। ভুক্তভোগী সাংবাদিক তানভীর দীপু জানান, তারা সংবাদ সংগ্রহের জন্য লালমাইয়ের দিকে যাচ্ছিলেন। পথে উত্তর রামপুর বিদ্যুৎ অফিসের সামনের সড়কে স্থানীয়দের তৈরি লোহার ব্যারিকেডের কারণে তীব্র যানজট দেখে তারা যানজট নিরসনে সহযোগিতা করতে এগিয়ে যান। এ সময় শাওন নামের এক যুবক যানজট নিরসন ও গাড়ি চলাচলের সুযোগ দেওয়া নিয়ে তাদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে এবং একপর্যায়ে তানভীর দীপুকে ধাক্কা দেয়। সহকর্মী মারুফ তাদের ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলেও শাওন রড হাতে তেড়ে আসে। একপর্যায়ে শাওনের আঘাতে তানভীর দীপু জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন এবং মারুফও হামলার শিকার হন।
হামলার শিকার সাংবাদিকরা হলেন যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার ও কুমিল্লা প্রেস ক্লাবের নির্বাহী সদস্য রফিকুল ইসলাম চৌধুরী খোকন, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের কুমিল্লা প্রতিনিধি ও কুমিল্লা টেলিভিশন সাংবাদিক ফোরামের নির্বাহী সদস্য তানভীর দীপু এবং স্টার নিউজের কুমিল্লা ব্যুরো রিপোর্টার ও কুমিল্লা টেলিভিশন সাংবাদিক ফোরামের তথ্যপ্রযুক্তি ও আপ্যায়ন সম্পাদক আবদুল্লাহ আল মারুফ।
আসামি গ্রেপ্তারের পর কুমিল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু জেলা পুলিশ সুপার ও ডিবি পুলিশকে ধন্যবাদ জানান। তিনি বলেন, অপরাধীরা আইনের আওতায় আসলে দ্রুতই অপরাধ কমে আসবে এবং ভবিষ্যতে সাংবাদিকদের ওপর হামলা করার ধৃষ্টতা দেখানোর সাহস কেউ করবে না।
আপনার মতামত লিখুন :