
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো দুইজনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৯১ জন রোগী। এর আগের দিন মঙ্গলবার একজনের মৃত্যু এবং ৩২৯ জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছিল। চলতি মাসের ১৫ দিনে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ২৬৬ জনে এবং এই সময়ে ১২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত মাসে মোট আক্রান্তের সংখ্যা ছিল ২ হাজার ৯০৭ জন এবং মৃত্যু হয়েছিল ১৩ জনের।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৪৭ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৪৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এছাড়া ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬৪ জন, বরিশাল বিভাগে ৭০ জন, চট্টগ্রাম বিভাগে ৫৩ জন, খুলনা বিভাগে ৭২ জন, ময়মনসিংহ বিভাগে ১৬ জন, রাজশাহী বিভাগে ১২ জন, রংপুর বিভাগে ৬ জন এবং সিলেট বিভাগে ২ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ৩৩৬ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, চলতি বছরের ১২ জুলাই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৯ হাজার ৩৭০ জন। আক্রান্তদের মধ্যে ৬১ শতাংশ পুরুষ এবং ৩৯ শতাংশ নারী। এ বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩০ জনে। এর মধ্যে জানুয়ারিতে ২ জন, ফেব্রুয়ারিতে ২ জন, মে মাসে একজন, জুনে ১৩ জন এবং জুলাই মাসে এখন পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে।
আপনার মতামত লিখুন :