
বুলাওয়েতে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বল হাতে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছেন নাহিদ রানা। চোটের কারণে নিয়মিত অধিনায়ক লিটন দাস এই ম্যাচে খেলতে পারছেন না, যার ফলে দলের নেতৃত্ব দিচ্ছেন তাওহিদ হৃদয়। টস জিতে তিনি প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন। ম্যাচে কিপিংয়ের দায়িত্বে আছেন নুরুল হাসান।
ম্যাচের শুরু থেকেই জিম্বাবুয়ে ভালো গতিতে রান তুলছিল। প্রথম তিন ওভারে তাসকিন আহমেদ, নাসুম আহমেদ ও মেহেদী হাসানের বোলিংয়ে জিম্বাবুয়ে সংগ্রহ করেছিল ৩৮ রান। তবে নাহিদ রানা আক্রমণে আসার পরেই দৃশ্যপট বদলে যায়। তার করা ওভারের প্রথম বলেই ক্যাচ তুলে দিয়ে আউট হন মারুমানি, যিনি ৯ বলে ১৪ রান করেছিলেন। এর আগের দুই ওভারে মেহেদী ১৬ ও নাসুম ১৫ রান দিলেও, নাহিদ রানা তার প্রথম ওভারে খরচ করেন মাত্র ১ রান।
এরপর সাইফউদ্দিনের বলে ২০ বলে ২০ রান করা মায়ার্স ক্যাচ আউট হলে জিম্বাবুয়ে কিছুটা চাপে পড়ে। পাওয়ার প্লের ৬ ওভার শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ছিল ৫৪ রান। ব্রায়ান বেনেট ৩০ বলে ৪৪ রান করার পর নাহিদ রানার বলে আউট হন। এরপর ক্রিজে আসেন রায়ান বার্ল ও সিকান্দার রাজা। ১৩ ওভার শেষে ৩ উইকেটে ১০৫ রান তুলেছিল জিম্বাবুয়ে।
ইনিংসের ১৮তম ওভারে বোলিংয়ে এসে নাহিদ রানা আবারো নিজের জাত চেনান। ওভারের দ্বিতীয় বলে শুম্বাকে আউট করার পর তৃতীয় বলে মুসেকিওয়াকে সাজঘরে ফেরান। পরপর দুই বলে উইকেট পেলেও হ্যাটট্রিক পূর্ণ করতে পারেননি তিনি। সব মিলিয়ে ৩ ওভার বোলিং করে মাত্র ৮ রান দিয়ে ৪ উইকেট শিকার করেছেন এই তরুণ পেসার। ১৬ ওভার শেষে জিম্বাবুয়ের রান ছিল ১৩২। ১৩ বলে ২০ রান করা সিকান্দার রাজাও নাহিদ রানার শিকার হয়ে ফিরেছেন।
আপনার মতামত লিখুন :