
নামাজে আল্লাহর সান্নিধ্য ও পূর্ণ একাগ্রতা অর্জনের অন্যতম প্রধান শর্ত হলো দৃষ্টি সংযত রাখা। নামাজে দাঁড়ানো, রুকু, সিজদা ও বসা অবস্থায় চোখের দৃষ্টি কোথায় থাকবে, সে বিষয়ে ইসলামে সুনির্দিষ্ট সুন্নাহ ও ফিকহি নির্দেশনা রয়েছে। দৃষ্টিকে নিয়মতান্ত্রিকভাবে ধরে রাখার মাধ্যমেই নামাজে একনিষ্ঠতা তৈরি হয়।
ইসলামি শরিয়তের নিয়ম অনুযায়ী, নামাজে দাঁড়ানো এবং রুকু অবস্থায় সিজদার জায়গায় নজর রাখা সুন্নত। আর বসা অবস্থায় দৃষ্টি রাখতে হবে শাহাদাত আঙুলের দিকে। সুনানে নাসায়ির এক বর্ণনায় (হাদিস: ১১৬০, ১২৭৫) এসেছে, রাসুলুল্লাহ (সা.) নামাজে দাঁড়ানো এবং রুকু অবস্থায় সেজদার জায়গায় চোখের দৃষ্টি রাখতেন এবং বসা অবস্থায় শাহাদত আঙুলের দিকে দৃষ্টি রাখতেন। এছাড়া হজরত আয়েশা (রা.) থেকে বর্ণিত হয়েছে, রাসুলুল্লাহ (সা.) যখন নামাজে দাঁড়াতেন, তখন মাথা নিচু করে ঝুঁকিয়ে রাখতেন এবং দৃষ্টি জমিনের দিকে রাখতেন (মুসতাদরাকে হাকেম: ১/৪৭৯)।
নামাজের বিভিন্ন রোকনে দৃষ্টি রাখার বিষয়ে ফিকাহবিদদের মাঝে সুনির্দিষ্ট মতামত রয়েছে। ইমাম আবু হানিফা (রহ.) কিতাবুল মাবসুতে (১/২৮) উল্লেখ করেছেন, নামাজের সময় দাঁড়ানো অবস্থায় দৃষ্টি থাকবে সেজদার দিকে, রুকু অবস্থায় থাকবে দুই পায়ের মাঝখানে, বসা অবস্থায় থাকবে কোলের দিকে এবং সেজদা অবস্থায় থাকবে নাকের দিকে। অবশ্য কোনো কোনো ইমামের মতে, পুরো নামাজের সময়জুড়েই দৃষ্টি সেজদার জায়গার দিকে রাখা উচিত।
নামাজ আদায়ের সময় কোনোভাবেই এদিক-সেদিক তাকানো যাবে না। পূর্ণ মনোযোগের সঙ্গে নামাজ আদায় করা আবশ্যক। এদিক-সেদিক তাকানোকে নামাজের পরিপন্থী হিসেবে দেখা হয়। হজরত আয়েশা (রা.) নামাজে এদিক-সেদিক তাকানোর বিষয়ে জানতে চাইলে রাসুলুল্লাহ (সা.) বলেন, এটি হলো শয়তানের ছোঁ মারা, যার মাধ্যমে শয়তান আল্লাহর বান্দাদের নামাজ থেকে অমনোযোগী ও উদাসীন করে ফেলে (বোখারি: ৭১৮)। তবে নামাজরত অবস্থায় কোনোভাবে কারও দৃষ্টি অনিচ্ছাকৃতভাবে এদিক-সেদিক চলে গেলে নামাজ ভেঙে যাবে না (আদ দুররুল মুখতার, ১/৪৪৭)।
অনেকে নামাজে মনোযোগ ধরে রাখতে চোখ বন্ধ করে রাখেন, যা করা অনুচিত। আল্লামা ইবনে হুমাম (রহ.)-এর মতে, চোখ বন্ধ করে নামাজ পড়া মাকরুহ। কারণ রাসুলুল্লাহ (সা.) চোখ বন্ধ করে নামাজ পড়তে নিষেধ করেছেন। নামাজের প্রধান সুন্নত হলো সেজদার স্থানের দিকে তাকিয়ে নামাজ আদায় করা, আর চোখ বন্ধ রাখলে এই গুরুত্বপূর্ণ সুন্নতটি ছুটে যায় (বাদায়েউস সানায়ে, ১/২১৬)।
আপনার মতামত লিখুন :