
মাছ ধরার সময় অসাবধানতাবশত মলদ্বার দিয়ে একটি জীবন্ত বাইম মাছ শরীরের ভেতরে ঢুকে পড়েছিল বাংলাদেশের এক জেলের। লোকলজ্জার ভয়ে বিষয়টি প্রথমে লুকিয়ে রেখেছিলেন তিনি। ভেবেছিলেন, মাছটি হয়তো নিজে থেকেই বের হয়ে যাবে। তবে শেষ রক্ষা হয়নি; পেটে প্রচণ্ড ব্যথা ও মারাত্মক সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হতে হয় ৫৫ বছর বয়সী এই জেলেকে। পরে নেপাল ও বাংলাদেশের চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল টিম সফল অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর কোলন থেকে প্রায় ২৬ ইঞ্চি দীর্ঘ একটি জ্যান্ত বাইম মাছ বের করে আনেন। ২০২৪ সালের এই বিরল ও চাঞ্চল্যকর ঘটনাটি সম্প্রতি আন্তর্জাতিক চিকিৎসা সাময়িকী ‘ইন্টারন্যাশনাল জার্নাল অব সার্জারি কেস রিপোর্টস’-এ প্রকাশিত হওয়ার পর বিশ্বজুড়ে আলোড়ন তৈরি করেছে।
গবেষণা ও চিকিৎসা প্রতিবেদনটিতে বলা হয়েছে, ঘটনার পর ওই ব্যক্তি আশা করেছিলেন মাছটি নিজে থেকেই বের হয়ে যাবে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। চিকিৎসকেরা পরীক্ষা-নিয়ন্ত্রণ ও স্ক্যান করে দেখেন, রোগীর পরিস্থিতি অত্যন্ত আশঙ্কাজনক। এক্স-রে ও অন্যান্য রিপোর্টে দেখা যায়, মাছটি অন্ত্রের দেয়াল ফুটো করে ফেলেছে এবং পেটে মারাত্মক সংক্রমণ ছড়িয়ে পড়েছে। রোগীর সিগময়েড কোলনে প্রায় ৫ সেন্টিমিটার (২ ইঞ্চি) আকারের একটি ফুটো তৈরি হয়েছিল, যা জীবননাশক পেরিটোনাইটিস সংক্রমণের রূপ নিতে পারত।
এই সফল অস্ত্রোপচার ও গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন বাংলাদেশের চিকিৎসক ও বিজ্ঞানী মবিন ইবনে মকবুল, সৌমিক রায়, অমর্ত্য নারায়ণ রায় ও মোস্তফা নওয়াজ এবং নেপালের বিজ্ঞানী অমৃতা শ্রেষ্ঠা। চিকিৎসকেরা জানান, সঠিক সময়ে কোলস্টমি ও অস্ত্রোপচার সম্পন্ন করায় রোগীর অবস্থা দ্রুত উন্নতির দিকে যায় এবং চার দিন পরই তাঁকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। তাঁরা উল্লেখ করেন, বাইম মাছের মতো জীবন্ত কোনো প্রাণী মানুষের অন্ত্রের দেয়াল ছিদ্র করে ফেলার ঘটনা চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে অত্যন্ত বিরল।
এর আগে ২০০৪ সালে হংকংয়ে অনুরূপ একটি ঘটনা ঘটেছিল। তবে সেখানে কোষ্ঠকাঠিন্য দূর করার উদ্দেশ্যে এক ব্যক্তি নিজেই মলদ্বারে বাইম মাছ ঢুকিয়েছিলেন। চিকিৎসকেরা বলছেন, সঠিক সময়ে রোগনির্ণয় ও দ্রুত অস্ত্রোপচার করা না গেলে এ ধরনের ঘটনায় রোগীর মৃত্যুর ঝুঁকি অনেক বেশি থাকে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে গবেষকেরা পরামর্শ দিয়েছেন, পেটে তীব্র ব্যথা নিয়ে আসা রোগীদের ক্ষেত্রে এমন অস্বাভাবিক কারণগুলোও চিকিৎসকদের মাথায় রাখা উচিত। একই সঙ্গে রোগীরা যাতে লজ্জার কারণে কোনো অস্বস্তিকর সত্য লুকিয়ে না রাখেন, সে বিষয়েও সতর্ক থাকতে হবে।
আপনার মতামত লিখুন :