Facebook Twitter Instagram YouTube

৮ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিসহ বাজারে এলো রিয়েলমি সি১০০


প্রকাশের সময় : অক্টোবর ৮, ২০২৬, ১১:৫১ অপরাহ্ণ / ০
৮ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিসহ বাজারে এলো রিয়েলমি সি১০০

চীনা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান রিয়েলমি তাদের সি-সিরিজের নতুন সংস্করণ হিসেবে বাজারে নিয়ে এসেছে রিয়েলমি সি১০০। দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপ এবং শক্তিশালী পারফরম্যান্স নিশ্চিত করার লক্ষ্যে তৈরি এই স্মার্টফোনটিতে ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার ক্ষমতার বিশাল ব্যাটারি ব্যবহার করা হয়েছে। রিয়েলমির তথ্যমতে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-ভিত্তিক শক্তি ব্যবস্থাপনা প্রযুক্তি ব্যবহারের ফলে ব্যাটারির কার্যকারিতা আরও বৃদ্ধি পেয়েছে। এছাড়া ব্যাটারিটির স্বাস্থ্য দীর্ঘ সাত বছর পর্যন্ত অটুট থাকার সক্ষমতা রয়েছে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।

ফোনটিতে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং এবং ১০ ওয়াট রিভার্স চার্জিং সুবিধা রাখা হয়েছে। রিয়েলমির ভাষ্য অনুযায়ী, একবার পূর্ণ চার্জ দিলে ফোনটি ১ দশমিক ৭ দিন পর্যন্ত ব্যবহার করা সম্ভব। এর মাধ্যমে ১১ ঘণ্টার বেশি অনলাইন গেমিং, ২৪ ঘণ্টার বেশি ভিডিও স্ট্রিমিং এবং ২০ ঘণ্টার বেশি সাধারণ ব্যবহার করা যাবে।

ফোনটির স্থায়িত্ব নিশ্চিত করতে এতে আর্মরশেল সুরক্ষা, আঘাত প্রতিরোধ ব্যবস্থা এবং আইপি৬৯ রেটিং যুক্ত করা হয়েছে। রিয়েলমি জানিয়েছে, ফোনটি ২ মিটার উচ্চতা থেকে নিচে পড়ে গেলেও টিকে থাকার ক্ষমতা রাখে এবং ৬ মিটার পানির চাপ সহ্য করতে সক্ষম।

ডিভাইসটিতে আট কোরের চিপসেট ব্যবহার করা হয়েছে। ফটোগ্রাফির জন্য এতে রয়েছে ৫০ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, যার উভয়টিতেই দ্বৈত ভিডিও ধারণের সুবিধা রয়েছে। এছাড়া ফোনটির ৬ দশমিক ৮ ইঞ্চির ডিসপ্লেতে সর্বোচ্চ ১২০ হার্টজ রিফ্রেশ রেট পাওয়া যাবে।

বাংলাদেশে রিয়েলমি সি১০০-এর ৬/১২৮ জিবি সংস্করণের মূল্য নির্ধারণ করা হয়েছে ২৭ হাজার ৯৯৯ টাকা এবং ৮/১২৮ জিবি সংস্করণটি পাওয়া যাবে ২৯ হাজার ৯৯৯ টাকায়।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh