Facebook Twitter Instagram YouTube

জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে স্থানীয় ভোটের প্রস্তুতি ইসির


প্রকাশের সময় : জুলাই ৮, ২০২৬, ১:৫২ অপরাহ্ণ /
জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে স্থানীয় ভোটের প্রস্তুতি ইসির

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় নির্বাচন কমিশন। যদিও জাতীয় এবং স্থানীয় নির্বাচনের প্রেক্ষাপট এক নয়, তবুও ভোটকেন্দ্র স্থাপন থেকে শুরু করে সার্বিক প্রস্তুতি সাজানো হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) সানাউল্লাহ।

বুধবার (০৮ জুলাই) সকালে রাজধানীর একটি হোটেলে নির্বাচন পর্যবেক্ষণ সংক্রান্ত বিভিন্ন সুপারিশ, সংস্কারের অগ্রাধিকার এবং বাস্তবায়নের বিষয়ে আয়োজিত এক সংলাপে তিনি এসব কথা বলেন। নির্বাচন কমিশনের সঙ্গে বিদেশি বিভিন্ন সংস্থার এই সংলাপের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আরও জানান, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অবজারভেশন মিশনের দেওয়া সুনির্দিষ্ট ১৯টি প্রস্তাবনাকে নির্বাচন কমিশন গুরুত্বের সঙ্গে দেখছে। সামনের দিনগুলোতে ইইউর সঙ্গে এই বিষয়গুলো সমন্বয় করা হবে।

ইসি সানাউল্লাহ জানান, স্থানীয় সরকার নির্বাচনের বিধিমালা নিয়ে বর্তমানে কাজ চলছে। ইসির দক্ষতা বৃদ্ধি এবং পর্যবেক্ষকদের প্রস্তাবিত বিষয়গুলো যথাযথভাবে আমলে নিতে পারলে ভবিষ্যতে ভালো ফলাফল পাওয়া সম্ভব।

অনুষ্ঠানে উপস্থিত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় আগামীতেও সম্পৃক্ত থাকার আগ্রহ প্রকাশ করেন। তিনি নির্বাচন কমিশনের সঙ্গে আলাপকালে নারী, সংখ্যালঘু এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে কিভাবে নির্বাচন ব্যবস্থায় আরও বেশি অন্তর্ভুক্ত করা যায়, তা নিয়ে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।