Facebook Twitter Instagram YouTube

ঢাকার বাইরে রাত না কাটানোর পরামর্শ অলি আহমেদের


প্রকাশের সময় : জুলাই ৮, ২০২৬, ৭:৩৭ অপরাহ্ণ /
ঢাকার বাইরে রাত না কাটানোর পরামর্শ অলি আহমেদের

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঢাকার বাইরে রাতযাপন না করার পরামর্শ দিয়েছেন এলডিপি চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমেদ। বুধবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ১১ দলের এক সেমিনারে তিনি এই পরামর্শ দেন।

সেমিনারে অলি আহমেদ বলেন, সরকারের প্রথম ও প্রধান কাজ হওয়া উচিত বাংলাদেশে অবস্থানরত বিদেশি গুপ্তচরদের চিহ্নিত করে বের করে দেওয়া। তিনি দাবি করেন, এসব গুপ্তচরদের কারণে প্রধানমন্ত্রী এবং দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সন্তান হিসেবে সংস্কারের ক্ষেত্রে তারেক রহমানকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান তিনি।

সরকারের নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে এলডিপি চেয়ারম্যান বলেন, চারদিকে শত্রু রেখে দেশ পরিচালনা করা সম্ভব নয়। তিনি আরও বলেন, যারা প্রধানমন্ত্রীর আশেপাশে আছেন, তারাই তার আসল শত্রু। এছাড়া সরকারের গুরুত্বপূর্ণ পদে ও দলের ভেতরে বিদেশি গুপ্তচররা অবস্থান করছে বলে অভিযোগ করেন তিনি। যেকোনো সময় তারা প্রধানমন্ত্রীর বড় ধরনের ক্ষতি করতে পারে বলেও সতর্ক করেন অলি আহমেদ।

দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং অর্থনৈতিক অবস্থার সমালোচনা করে তিনি বলেন, বিভিন্ন জায়গায় চাঁদাবাজি চলছে এবং অর্থনৈতিক অবস্থা ভালো নয়। নতুন কোনো বিনিয়োগও পাওয়া যাচ্ছে না। এসব বিষয় উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী ভালো অবস্থানে নেই। পরিশেষে অলি আহমেদ বলেন, ১১ দল তার শত্রু নয়, বরং বন্ধু বলেই প্রকাশ্যে এই পরামর্শগুলো দেওয়া হচ্ছে, যাতে তিনি ইতিহাসে একজন সফল নেতা হিসেবে থাকতে পারেন।