
নিজস্ব প্রতিবেদক:
ঐতিহাসিক বদর দিবস মুসলমানদের গৌরবের দিন; একই দিনে প্রয়াত ইসলামী ঐক্যজোট চেয়ারম্যান মাওলানা নেজামীকে স্মরণ
ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে ইসলামী ঐক্যজোটের প্রয়াত চেয়ারম্যান ও মজলুম জননেতা মাওলানা আব্দুল লতিফ নেজামী (রহ.)–এর মৃত্যুবার্ষিকী স্মরণ করে আবেগঘন একটি পোস্ট করেছেন বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব ও অনলাইন অ্যাক্টিভিস্ট মাওলানা জুবায়ের হোসাইন নেজামী।
শুক্রবার (১৭ রমজান) নিজের ফেসবুক পোস্টে তিনি বলেন, বদর দিবস মুসলমানদের জন্য গৌরবোজ্জ্বল একটি দিন। তবে তার কাছে দিনটি আরও গুরুত্বপূর্ণ, কারণ এই দিনেই মাওলানা আব্দুল লতিফ নেজামী (রহ.) দুনিয়ার সফর শেষ করে আখেরাতের যাত্রা শুরু করেছিলেন।
পোস্টে তিনি স্মৃতিচারণ করে বলেন, তার রাজনৈতিক পথচলা শুরু হয়েছিল প্রয়াত আলেম ও রাজনীতিবিদ মুফতি ফজলুল হক আমিনী (রহ.)–এর হাত ধরে। তখন তিনি ছিলেন একজন তরুণ ছাত্রনেতা। কিন্তু পড়াশোনার কারণে দেশের বাইরে থাকায় মুফতি আমিনী (রহ.)–এর জানাজায় উপস্থিত থাকতে পারেননি।
তিনি আরও বলেন, মুফতি আমিনী (রহ.)–এর ইন্তেকালের পর যে ব্যক্তির কাছ থেকে তিনি সবচেয়ে বেশি স্নেহ ও ভালোবাসা পেয়েছেন এবং রাজনীতির অনেক শিক্ষা গ্রহণ করেছেন, তিনি হলেন মাওলানা আব্দুল লতিফ নেজামী (রহ.)।
মাওলানা জুবায়ের হোসাইন নেজামী বলেন, পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে যখন অনেকেই স্বৈরাচারী শক্তির সঙ্গে আপস করতে ব্যস্ত ছিলেন, তখন একমাত্র মাওলানা নেজামীর দৃঢ় অবস্থানের কারণেই ইসলামী ঐক্যজোট সরাসরি আওয়ামী লীগের জোটে যোগ দেয়নি।
তিনি উল্লেখ করেন, মাওলানা নেজামী প্রায়ই বলতেন—
“দীর্ঘ ৬০–৭০ বছর ধরে যে সম্মান অর্জন করা হয়েছে, তা এক মুহূর্তেই ধুলিস্যাৎ হয়ে যেতে পারে। তাই আওয়ামী লীগের সঙ্গে সরাসরি কোনো জোট নয়।”
পোস্টে তিনি আরও উল্লেখ করেন, জাতীয় নির্বাচনের আগে বিএনপির গুলশান কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সিনিয়র নেতা নজরুল ইসলাম খান–এর সাথে একান্ত আলোচনায় তারা জানান, মাওলানা নেজামী অনেকটা বাধ্য হয়েই বিএনপি নেতৃত্বাধীন জোট ত্যাগ করেছিলেন।
তাদের ভাষ্য অনুযায়ী, তিনি ব্যক্তিগতভাবে কখনোই বিএনপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চাননি; তবে দলের অন্যান্য নেতাদের চাপের কারণে সেই সিদ্ধান্ত নিতে হয়েছিল, নতুবা তখন দল ভেঙে যাওয়ার আশঙ্কা ছিল।
পোস্টে তিনি দাবি করেন, জোট ত্যাগ করার পরেও বিএনপির সিনিয়র নেতাদের সঙ্গে মাওলানা নেজামীর যোগাযোগ ছিল।
মাওলানা জুবায়ের হোসাইন নেজামী আরও বলেন, মাওলানা নেজামীর মৃত্যুর পর দলের বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি আগেই সতর্ক করেছিলেন। আজকের অবস্থার জন্য সংশ্লিষ্ট নেতারাই দায়ী বলেও মন্তব্য করেন তিনি।
পোস্টের শেষাংশে তিনি দোয়া করে বলেন,
“আল্লাহ তাআলা মাওলানা আব্দুল লতিফ নেজামী (রাহমাতুল্লাহি আলাইহি)–কে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। আমীন।”
আপনার মতামত লিখুন :