
আগামী সেপ্টেম্বর মাস থেকে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। মালয়েশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ শেষে বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি জানান, সেপ্টেম্বরের শেষ নাগাদ এই কর্মী নিয়োগ কার্যক্রম শুরু হবে এবং পরবর্তী ছয় মাসের মধ্যে পর্যায়ক্রমে মোট দুই লাখ কর্মী মালয়েশিয়ায় পাঠানো হবে।
প্রতিমন্ত্রী আরও জানান, মালয়েশিয়ার তালিকাভুক্ত বিভিন্ন কোম্পানির মাধ্যমে এই দুই লাখ কর্মী নিয়োগ দেওয়া হবে। এর বাইরে আরও ১০ হাজার বাংলাদেশি কর্মীকে কোনো প্রকার খরচ ছাড়াই মালয়েশিয়ায় নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা সেপ্টেম্বরের শেষ দিক থেকে ধাপে ধাপে শুরু হবে।
এদিকে, ঢাকার প্রধান সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়টিও তুলে ধরেন প্রতিমন্ত্রী। তিনি জানান, ঢাকার প্রধান সড়কে এসব যান চলতে দেওয়া হবে না এবং এ বিষয়ে খুব দ্রুত একটি বিধিমালা প্রণয়ন করা হবে। তিনি আরও বলেন, দুই ও চার আসনের ই-রিকশা নিবন্ধনের আওতায় নিয়ে আসা হবে, তবে ছয় আসনের রিকশাগুলো নিবন্ধনের সুযোগ পাবে না।
মালয়েশিয়ায় এলএনজি সরবরাহের বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ ধরনের কোনো বিষয় নিয়ে আলোচনা হয়নি।
রোববার (৩০ আগস্ট) সচিবালয়ে মালয়েশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
আপনার মতামত লিখুন :