
টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরেই বিনোদন জগতে গুঞ্জন চলছে। শোনা যাচ্ছে, চলতি বছরের ডিসেম্বরেই বিয়ের পিঁড়িতে বসতে পারেন এই অভিনেত্রী। যদিও মিমি বরাবরই নিজের ব্যক্তিগত জীবন আড়ালে রাখতে পছন্দ করেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় থাকলেও নিজের প্রেম বা বিয়ে নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি।
তবে টালিপাড়ায় তার বিয়ে নিয়ে জোর আলোচনা চলছে। সাম্প্রতিক গুঞ্জন অনুযায়ী, মিমির হবু স্বামীর নাম সিদ্ধার্থ দত্ত। তিনি টালিউডের কেউ নন। জানা গেছে, সিদ্ধার্থ কলকাতার ছেলে এবং তিনি ‘ক্যালকাটা বয়েজ স্কুল’-এ পড়াশোনা করেছেন। এরপর মেরিন ইঞ্জিনিয়ারিং শেষ করে তিনি আন্তর্জাতিক মার্চেন্ট নেভিতে যোগ দেন। ২০০৮ সালের মার্চ থেকে তিনি যুক্তরাজ্যের আন্তর্জাতিক শিপিং সংস্থা ‘শেল শিপ ম্যানেজমেন্ট লিমিটেড’-এর সঙ্গে যুক্ত রয়েছেন এবং বর্তমানে ওই বহুজাতিক প্রতিষ্ঠানে সিনিয়র মেরিন ইঞ্জিনিয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন।
এদিকে টালিপাড়ার ভেতরে গুঞ্জন রয়েছে, শীতের আমেজে পাহাড়ি শহর কালিম্পংয়ে বসতে পারে মিমির বিয়ের আসর। জলপাইগুড়ির মেয়ে মিমির বিয়ে নিয়ে এমনিতেই চলছে নানা আলোচনা। তবে কবে এবং কার সঙ্গে তার চার হাত এক হবে, তা নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
মিমির হবু স্বামীকে নিয়ে ভক্তদের আগ্রহের মধ্যেই সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ভাইরাল হয়েছে। ওই ছবিতে মিমির সঙ্গে তার হবু স্বামীকে একঝলক দেখা গেছে বলে দাবি করা হচ্ছে। টালিপাড়ার বন্ধুদের মধ্যেই তাকে দেখা গেছে বলেও আলোচনা চলছে। এমনকি পূজোর সময়ই মিমি ও সিদ্ধার্থের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়েছে বলেও গুঞ্জন রয়েছে। ভাইরাল হওয়া ছবি ঘিরে নানা আলোচনা চললেও বিয়ে কিংবা সম্পর্ক নিয়ে এখনো মুখ খোলেননি মিমি চক্রবর্তী। পাত্র বা পাত্রী—কেউই এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি।
আপনার মতামত লিখুন :