
বাংলা সাহিত্যের অন্যতম প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদীতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুক্রবার সকাল ১০টার দিকে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী মীর মশাররফ হোসেনের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় বাংলা একাডেমি, স্থানীয় প্রশাসন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা নিবেদন শেষে সংস্কৃতিমন্ত্রী বেলুন উড়িয়ে দিনব্যাপী এই অনুষ্ঠানের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, বাংলা সাহিত্যের জাগরণে মীর মশাররফ হোসেনের ভূমিকা অনস্বীকার্য। তিনি বহুমাত্রিক প্রতিভার অধিকারী ছিলেন। মন্ত্রী আরও বলেন, সারা দেশে ছড়িয়ে থাকা প্রখ্যাত ব্যক্তিদের স্মৃতিবিজড়িত স্থানগুলোতে আমরা অনুষ্ঠান আয়োজন করতে চাই।
স্মৃতিকেন্দ্র প্রাঙ্গণে আয়োজিত সেমিনারে মীর মশাররফ হোসেনের বর্ণাঢ্য কর্মময় জীবন ও তার সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করা হয়। রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য হারুন অর রশিদ ও বাংলা একাডেমির মহাপরিচালকসহ অনেকে। এছাড়া দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কুইজ এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
উল্লেখ্য যে, মীর মশাররফ হোসেন ১৮৪৭ সালের ১৩ নভেম্বর কুষ্টিয়ার কুমারখালী উপজেলার লাহিনীপাড়া গ্রামে তার মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। পরবর্তীতে ১৯১১ সালের ১৯ ডিসেম্বর তিনি রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী গ্রামে মৃত্যুবরণ করেন এবং সেখানেই তাকে সমাহিত করা হয়। তার স্মৃতি সংরক্ষণের উদ্দেশ্যে পদমদীতে মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্র নির্মাণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :