Facebook Twitter Instagram YouTube

মিরপুর বিআরটিএ কার্যালয়ে ৩ দালাল আটক, ৩০ দিনের কারাদণ্ড


প্রকাশের সময় : আগস্ট ২০, ২০২৬, ৯:০৭ অপরাহ্ণ /
মিরপুর বিআরটিএ কার্যালয়ে ৩ দালাল আটক, ৩০ দিনের কারাদণ্ড

রাজধানীর মিরপুর বিআরটিএ কার্যালয়ে সেবাগ্রহীতাদের হয়রানি ও অবৈধ অর্থ আদায়ের অভিযোগে দালাল চক্রের তিন সদস্যকে আটক করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। পরবর্তীতে পরিচালিত এক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল আনুমানিক ৪টার দিকে ঢাকা মহানগর আনসার (ডিএমএ) পশ্চিম জোনের কাফরুল থানাধীন মিরপুর বিআরটিএ কার্যালয়ে এ অভিযান চালানো হয়। আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে দ্রুত কাজ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ সেবাগ্রহীতাদের কাছ থেকে বেআইনিভাবে টাকা হাতিয়ে নিচ্ছিল বলে আনসার সূত্রে জানা গেছে।

অভিযানে পিসি মো. খোরশেদ আলমের নেতৃত্বে এবং এপিসি মো. আল মিজানসহ আনসার সদস্যদের একটি বিশেষ টিম দালাল চক্রের ওই সদস্যদের হাতেনাতে আটক করে। এরপর ঘটনাস্থলে উপস্থিত ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজিদ আনোয়ার দণ্ডবিধি অনুযায়ী আটককৃতদের ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

সাজা ঘোষণার পর দণ্ডিতদের পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য কাফরুল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সাধারণ মানুষের হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করতে বিআরটিএসহ বিভিন্ন সরকারি সেবা প্রতিষ্ঠানে আনসার বাহিনীর এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy