
ইয়েমেনের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথি সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় নাজরান এলাকায় অবস্থিত বিমানবন্দর এবং রাষ্ট্রায়ত্ত জ্বালানি সংস্থা আরামকোর একটি স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে। বৃহস্পতিবার ইয়েমেন সীমান্তের নিকটবর্তী এই দুটি গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে তারা সফল ক্ষেপণাস্ত্র অভিযান পরিচালনার ঘোষণা দেয়।
টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, গোষ্ঠীটি ড্রোন ব্যবহার করে দুটি সামরিক অভিযান সফলভাবে সম্পন্ন করেছে। এর মধ্যে প্রথমটি নাজরান বিমানবন্দরের সংবেদনশীল লক্ষ্যবস্তুতে এবং দ্বিতীয়টি নাজরানে অবস্থিত আরামকো স্থাপনায় আঘাত হেনেছে। হামলার এই ঘটনার আগে বৃহস্পতিবার ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) সতর্ক করে বলেছিল যে, সৌদি আরবে হুথি বিদ্রোহীদের হামলা জোরদার করার বিপরীতে তাদের দমনে সৌদি আরব ব্যর্থ হবে।
উল্লেখ্য, গত এক দশকেরও বেশি সময় ধরে ইয়েমেনে গৃহযুদ্ধ চলছে। গত জুলাই মাসে মধ্যপ্রাচ্যের সংঘাতের নতুন একটি চক্র শুরু হয়, যখন হুথি বিদ্রোহীরা সৌদি-সমর্থিত সরকারের সঙ্গে ২০২২ সালে সম্পাদিত যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে। এছাড়া, চলতি সপ্তাহে ইয়েমেনের এক মন্ত্রী ফরাসি বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, হুথিরা বাব আল-মান্দেব প্রণালির আশপাশের ভূখণ্ড দখলের পরিকল্পনা করছে, যা গুরুত্বপূর্ণ এই নৌপথে নতুন হুমকির সৃষ্টি করতে পারে।
এই জলপথের কাছে লড়াইরত সরকারি বাহিনীর মুখপাত্র এবং হুথিদের একাধিক সামরিক সূত্র এএফপিকে জানিয়েছে, বিদ্রোহীরা বর্তমানে তাদের নিয়ন্ত্রণে থাকা এলাকা থেকে আরও দক্ষিণে অগ্রসর হওয়ার পরিকল্পনা করছে। গত মাসে ইয়েমেনের রাজধানী সানায় একটি ইরানি বিমানকে স্বাগত জানানোর ঘটনার পর থেকেই সরকারি বাহিনীর সঙ্গে হুথিদের নতুন করে সংঘাত তীব্র হয়েছে। এর ধারাবাহিকতায় হুথিরা সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করে এবং দেশটির বিমানবন্দর, জ্বালানি স্থাপনা ও জাহাজ লক্ষ্য করে হামলা চালানো শুরু করে।
আপনার মতামত লিখুন :