Facebook Twitter Instagram YouTube

প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ফখরুলকে অলি আহমেদের অভিনন্দন


প্রকাশের সময় : আগস্ট ২০, ২০২৬, ৯:৪২ অপরাহ্ণ /
প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ফখরুলকে অলি আহমেদের অভিনন্দন

বাংলাদেশের ২৩তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম। বৃহস্পতিবার এক অভিনন্দন বার্তায় তিনি এ শুভেচ্ছা জানান।

অভিনন্দন বার্তায় কর্নেল অলি আশা প্রকাশ করেন যে, রাষ্ট্র ও সংবিধানের অভিভাবক হিসেবে নবনির্বাচিত রাষ্ট্রপতি স্বাধীনতা, গণতন্ত্র ও ইনসাফ সুরক্ষায় দৃঢ়তা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনে সক্ষম হবেন। তিনি মির্জা ফখরুলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

এর আগে মহাখালী ডিওএইচএসে নিজ বাসভবনে এক প্রতিক্রিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে নিজের অসন্তোষের কথা জানান ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমেদ। তিনি অভিযোগ করেন, বিএনপি এই নির্বাচনে তড়িঘড়ি করেছে এবং ফলাফল আগে থেকেই নির্ধারিত ছিল। অলি আহমেদের মতে, এখানে গণতন্ত্র নিয়ন্ত্রিত এবং সংসদ সদস্যরা তাদের ইচ্ছা অনুযায়ী ভোট দিতে পারেন না।

সংবিধানের ৭০ অনুচ্ছেদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, দলের মতামতের বাইরে ভোট দিলে সংসদ সদস্যপদ থাকবে না, যা নিয়ন্ত্রিত ভোট প্রক্রিয়ার ইঙ্গিত দেয়। তিনি আরও দাবি করেন, বিভিন্ন সংস্থার জরিপে ৬৮ থেকে ৭০ শতাংশ মানুষ তার পক্ষে এবং ২৮ থেকে ৩০ শতাংশ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে মতামত দিয়েছেন।

প্রেসিডেন্টের ক্ষমতার সীমাবদ্ধতা নিয়ে এলডিপি সভাপতি মন্তব্য করেন যে, বঙ্গভবনে মাজার জিয়ারত ও মসজিদে নামাজ পড়া ছাড়া প্রেসিডেন্টের স্বাধীনভাবে কাজ করার সুযোগ কম। তবে তিনি ভবিষ্যতে ক্ষমতার ভারসাম্য তৈরির আশা ব্যক্ত করেন। একই সঙ্গে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে জীবন উৎসর্গকারীদের স্মরণে তিনি দেশে সুশাসন ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin